দোকান দখল নিয়ে সংঘর্ষে আ.লীগ নেতাসহ আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের সড়ক বাজারে একটি চায়ের দোকানের দখলকে কেন্দ্র করে গতকাল সোমবার দুই পক্ষের সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ কমপক্ষে সাতজন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পৌর শহরের মায়াবী সিনেমা হলের দক্ষিণ পাশে সিঅ্যান্ডবি খালের ওপর নির্মিত একটি দোকানঘর নিয়ে রিকশা শ্রমিক ইউনিয়ন ও সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির বিরোধ চলছে। গতকাল সকালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মানিক মিয়া লোকজন নিয়ে রিকশা শ্রমিক ইউনিয়নের পক্ষে ঘরটির দখল নিতে যান। এ সময় সাইফুল ও তাঁর পক্ষের লোকজন বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন। তাঁরা হলেন মানিক মিয়া (৫০), সাইফুল ইসলাম (৩০), জামাল চৌধুরী (৪০), রাজীব মিয়া (২৫), আবুল কালাম চৌধুরী (২৫), সালাম চৌধুরী (৫০) ও মাছুম মিয়া (২৫)। তাঁদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপতাল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।জানা গেছে, উপজেলার নূরপুর গ্রামের সাইফুল ইসলাম কয়েক বছর আগে খালের ওপর নির্মিত একটি ঘর রিকশা শ্রমিক ইউনিয়নের কাছ থেকে ভাড়া নেন। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় উপজেলা প্রশাসন ওই ঘরটি ভেঙে দেয়। বর্তমান সরকারের সময় সাইফুল নিজের টাকায় সেখানে আবারও ঘর নির্মাণ করে চায়ের ব্যবসা শুরু করেন। কয়েক মাস তিনি রিকশা শ্রমিক ইউনিয়নকে ভাড়া দিলেও পরে তা বন্ধ করে দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে।মানিক মিয়া অভিযোগ করেন, সাইফুলকে ঘর ছাড়ার কথা বলতে গেলে কথাকাটাকাটি হয়। এ সময় সাইফুলের লোকজন তাঁর ওপর হামলা চালান।সাইফুল ইসলাম বলেন, মানিক মিয়া দলীয় প্রভাব খাটিয়ে দোকান দখলে নেওয়ার জন্য হামলা ও ভাঙচুর চালিয়েছেন।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মাদ হোসেন প্রথম আলোকে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে দোকানটি নিজেদের আয়ত্তে নিয়েছে পুলিশ।