দোকান পরিদর্শনের নামে অর্থ আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রেতা-ভোক্তা অধিকার ফাউন্ডেশন নামের একটি সংগঠন রেস্তোরাঁ, বেকারি ও মিষ্টির দোকান পরিদর্শনের সময় অবৈধভাবে টাকা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সংগঠনের সদস্যরা সারা দেশে রেস্তোরাঁ ও বেকারি পরিদর্শনে নেমেছেন। এর অংশ হিসেবে বুধবার একটি দল অভয়নগরে আসে ও অভয়নগর থানার ওসি কাজী আবদুস সালেকের কাছে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো একটি চিঠি দেয়। চিঠিতে পুলিশ প্রশাসনকে তাদের সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সে কারণে ওসি ওই দলকে সহায়তা করার দায়িত্ব দেন এএসআই আসাদুজ্জামানকে।
নওয়াপাড়ার একটি মিষ্টির দোকানের মালিক সমর কুমার ঘোষ অভিযোগ করেন, ‘সংগঠনের লোকজন আমার মিষ্টির দোকানে ঢুকে ছবি তুলে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে সাত হাজার টাকা দিয়ে মীমাংসা করি। কিন্তু তাঁরা আমাকে কোনো রসিদ দেননি।’
সাতক্ষীরা ঘোষ ডেইরির মালিক মহাদেব চন্দ্র ঘোষ অভিযোগ করেন, ‘মামলার ভয় দেখিয়ে তাঁরা পাঁচ হাজার টাকা দাবি করেন। তাঁদের সাড়ে তিন হাজার টাকা দিয়েছি।’
সংগঠনের পরিদর্শক মাসুদ পারভেজ দাবি করেন, ‘আমরা পরিদর্শন করেছি মাত্র। টাকা নেওয়ার প্রশ্নই ওঠে না।’
অভয়নগর থানার এএসআই আসাদুজ্জামান জানান, সংগঠনটির পরিদর্শকেরা কয়েকটি রেস্তোরাঁ পরিদর্শন করেছেন। এ সময় তিনি বাইরে দাঁড়িয়ে ছিলেন।