দোকান-ফ্ল্যাট ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনার সুযোগ দেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষায় মুনাফা করা যাবে না। কেবল সনদ দেওয়ার উদ্দেশ্যে গতানুগতিক বিষয় পড়িয়ে বিশ্ববিদ্যালয়গুলো দায়িত্ব শেষ বলে মনে করলেও হবে না। বড় বড় ডিগ্রি নিয়ে যদি কাজেই না লাগে, তাহলে সেসব ডিগ্রির প্রয়োজন নেই। তাই বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ ও যোগ্য জনশক্তি তৈরিতে গবেষণানির্ভর পড়াশোনায় শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে হবে। কোনো অবস্থাতেই কাউকে দোকান-ফ্ল্যাট ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনার সুযোগ দেওয়া হবে না। কোনো আউটার ক্যাম্পাস চালুর সুযোগ দেওয়া হবে না।
গতকাল শনিবার বেলা চারটায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বিশ্ববিদ্যালয়টিকে উপজেলা পর্যায়ে চালু হওয়া প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে অভিহিত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য আতফুল হাই শিবলী।
শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য বিদ্যমান আইন সংশোধনের জন্য পর্যালোচনা করা হচ্ছে। কারণ সরকার চায় সুষ্ঠু আইন ও নীতিমালার আলোকে বিশ্ববিদ্যালয়গুলোতে যথাযথ শিক্ষার পরিবেশ নিশ্চিত হোক। যেসব বিশ্ববিদ্যালয় মান বৃদ্ধি করবে না, প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভুইঞা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গোলাম শাহি আলম, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ওয়ালী তছরউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী।