জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন কাদের হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার দাবিতে দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল করেছেন শিবপুর উপজেলার পুটিয়া ত্রিমোহনী বাজারের ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
ত্রিমোহনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোতালিব মিয়ার সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা। প্রতিবাদ সভায় বক্তৃতা করেন শাহীনের মা শরীফা কাদের, ব্যবসায়ী সমিতির সম্পাদক আবদুল বাছেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিপুন খান, সম্পাদক হাফিজ সরকার প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে অবিলম্বে শাহীন হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
শিবপুরের পুটিয়া বাজারের ত্রিমোহনী মোড়ে গত ১৮ ফেব্রুয়ারি শাহীনকে হত্যা করে সন্ত্রাসীরা।