দোকান বন্ধ রেখে সন্ত্রাসী হামলার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোকানে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের প্রতিবাদে গতকাল বুধবার অর্ধদিবস ধর্মঘট পালন করেছেন মৌলভীবাজারের ব্যবসায়ীরা। এ সময় ফার্মেসি, হোটেল-রেস্তোরাঁসহ সবধরনের দোকানপাট বন্ধ ছিল।ব্যবসায়ীরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। এদিকে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কের লেক রোড এলাকায় ছাত্রলীগ নামধারী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন আলী হায়দার জহির (২৪) নামে একজনের হাত ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো দা দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া গ্রামের আজাদ খানের ছেলে। এই ঘটনায় লেখন মিয়া নামে আরও একজন আহত হয়েছেন।আকস্মিক এই ঘটনায় ব্যবসায়ীরা হতভম্ব হয়ে পড়েন। এ ঘটনার পর পরই ব্যবসায়ীরা রাস্তায় নেমে আসেন। তাঁরা মৌলভীবাজার শহরের চৌমোহনা এলাকায় জমায়েত হয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান। ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে গতকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত সবধরনের দোকানপাট বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করেন।ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ফার্মেসি, হোটেল-রেস্তোরাঁসহ সবধরনের দোকানপাট বন্ধ ছিল। সকাল থেকে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে রাস্তায় অবস্থান করেন। বেলা ১১টার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে মিছিলসহ ব্যবসায়ীরা চৌমোহনা চত্বরে সমবেত হন। এরপর বিশাল মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে যান। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মসুদ আহমদ, আওয়ামী লীগের নেতা সৈয়দ মফচ্ছিল আলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাহিদ আহমদ, ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বকসী ইকবাল আহমদ, যুবদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মতিন বখস প্রমুখ।মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ গতকাল বুধবার ভোরে শহরের গির্জাপাড়া, বড়হাট এবং রাজনগর উপজেলার গোবিন্দবাটি এলাকা ও সিলেট রোড থেকে ১১ জনকে গ্রেপ্তার করেছে। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী গতকাল বুধবার সন্ত্রাসী ঘটনার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘এরা কেউই ছাত্রলীগের নয়। নাম ভাঙিয়ে এরা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো মামলা হয়নি।’জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান গতকাল বলেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি ও পুলিশ সুপার ব্যবসাপ্রতিষ্ঠান ও ভাঙচুর হওয়া গাড়ি দেখেছি। আমরা স্বাভাবিক আইনশৃঙ্খলা রক্ষায় কোনো হস্তক্ষেপ বরদাস্ত করব না।’