দোকানগুলোতে দিনভর উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের কেনাকাটায় পছন্দসই কাপড়টি বেছে নিতে দোকানে ভিড় করেছেন ক্রেতারা। ছবিটি গতকাল ফরিদপুর শহরের চকবাজার কাপড়পট্টি এলাকা থেকে তোলা l প্রথম আলো
ঈদের কেনাকাটায় পছন্দসই কাপড়টি বেছে নিতে দোকানে ভিড় করেছেন ক্রেতারা। ছবিটি গতকাল ফরিদপুর শহরের চকবাজার কাপড়পট্টি এলাকা থেকে তোলা l প্রথম আলো

সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত দোকানে দোকানে ভিড় করে ক্রেতারা নতুন পোশাক, প্রসাধনী, জুতা-স্যান্ডেল কিনতে ব্যস্ত। তিতুমীর বাজার, বারি প্লাজা, গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্স, মসজিদ মার্কেট, চকবাজার, কাপড় পট্টিসহ ফরিদপুর শহরের প্রধান বাজারগুলোর সর্বত্র এখন ক্রেতাদের ভিড়।
শহরের ইসলামিয়া টাওয়ারে অবস্থিত আদ্রিতা ফ্যাশন হাউসের মালিক তানিয়া তুল বাসার বলেন, ঈদে থ্রি-পিস বেশি বিক্রি হচ্ছে। বিনয়, গঙ্গা, জিসা, অপ্সরা, রাজ নামের ভারতীয় থ্রি-পিস বেশি বিক্রি হচ্ছে। দাম ৫৫০ থেকে ৬ হাজার টাকার মধ্যে। এ ছাড়া দেশীয় বাটিক প্রিন্টের থ্রি-পিস এবং শিশুদের জামা ও প্যান্ট বিক্রি হচ্ছে ভালো।
চকবাজার এলাকার সত্য নারায়ণ বস্ত্রালয়ের মালিক কাশিনাথ আগরওয়ালা বলেন, এবার ঈদে ভারতীয় শাড়ির চেয়ে দেশি শাড়ির কদর বেশি। দেশি শাড়ি বিক্রি হচ্ছে ভালো। বিশেষ করে টাঙ্গাইল সুতি ৫০০ থেকে ২ হাজার ৫০০ টাকার মধ্যে এবং ঢাকার ইসলামপুরের প্রিন্টের শাড়ি ৩০০ থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এ ছাড়া থ্রি-পিসও বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে শুরু করে ২ হাজার ৫০০ টাকার মধ্যে।
বারি প্লাজার সোয়াদ ফ্যাশনের মালিক আজাদ হোসেন বলেন, পুরুষদের ক্ষেত্রে ভারতীয় বজরঙ্গি ভাইজান, হিরো, ডাবল হেড নামের প্যান্ট বেশি বিক্রি হচ্ছে, দাম ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকার মধ্যে। বিক্রি হচ্ছে কাকুয়া, মুক্তি, ডিজুয়েস, হিরো নামের ভারতীয় শার্ট। দাম ৮০০ থেকে ১ হাজার টাকার মধ্যে। চায়নার টি-শার্ট বেশি চলছে। পাঞ্জাবির মধ্যে দেশীয় সেলাই ঘর, দরজি ঘর নামের পাঞ্জাবির পাশাপাশি চলছে ভারতীয় সুলতান নামের পাঞ্জাবি।
মোল্লা ম্যানসনের লেডিস কর্নার টেইলারের কাটার জাহিদ মিয়া বলেন, ‘গতবারের চেয়ে এবার থ্রি-পিস বানানোর অর্ডার আমরা কম পেয়েছি। গতবার ঈদের ১৫ দিন আগেই অর্ডার নেওয়া বন্ধ করে দিতে হয়, অথচ এ বছর এখনো অর্ডার নিচ্ছি।’
শার্ট ও প্যান্ট কাটার বস টেইলার্সের মালিক ওয়াজেদ হোসেন বলেন, ‘ঈদে জামা ও প্যান্টের বেশি অর্ডার পাই। এ পর্যন্ত আমি ১ হাজার প্যান্ট ও ১ হাজার ২০০ জামা কাটার অর্ডার পেয়েছি। এখনো অর্ডার নিচ্ছি।’
ফরিদপুর তিতুমীর বাজারের প্রসাধনী বিক্রেতা জাহিদ ট্রেডার্সের মালিক আবদুস সালাম ব্যাপারী বলেন, ঈদে নারী-পুরুষ উভয়েই ফগ, লেয়ারসট, ওয়েলস্ট্রোন নামের বডি স্প্রে কিনছে বেশি। হোয়াইট বিউটি, ফেয়ার অ্যান্ড লাভলী, চাঁদনি, গোরি নামের ক্রিম বিক্রি হচ্ছে বেশি। সেন্টের মধ্যে লাবামা, রয়েল মেরিস, ইন্টারনাল লাভ, ওয়ান ম্যান শো বেশি বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে মেহেদি। এর মধ্যে স্মার্ট, রাঙাপরী, মমতাজ, জয়া ও আলমাস বেশি বিক্রি হচ্ছে।
শহরের নিলটুলী মহল্লার সোনা ব্যবসায়ী নিউ সোনার তরী জুয়েলার্সের মালিক রাধাকান্ত সূত্রধর বলেন, অন্যান্য সময়ের চেয়ে ঈদে বিক্রি বেশি হয়। তবে এবার তেমন অর্ডার পাওয়া যাচ্ছে না। সোনার বাজার অস্থিতিশীল এবং বর্তমানে দাম বেশি হওয়ায় শখের ক্রেতা পাওয়া যাচ্ছে না। তা ছাড়া সিটি গোল্ডের কারণেও সোনা ও রুপার অলংকারের প্রতি মানুষের আগ্রহ কমে যাচ্ছে।
ফরিদপুর বাটা বাজারের স্টেশন ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, সাধারণ সময়ের চেয়ে এ সময়ে ৩০ ভাগ বিক্রি বেশি হচ্ছে। নারী, পুরুষ ও শিশু—সবাই স্যান্ডেলের প্রতি আগ্রহী বেশি। ঈদের দিনে পায়জামা-পাঞ্জাবি বা সালোয়ার-কামিজের সঙ্গে স্যান্ডেলই বেশি চলনশীল। স্যান্ডেলগুলো বিক্রি হচ্ছে ৩৯০ থেকে শুরু করে ১ হাজার ৯৯০ টাকার মধ্যে। তিনি বলেন, এবার ঈদে গতবারের চেয়ে বিক্রি বেশি হচ্ছে।