দোকানদারের ভুলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে দোকানদারের সহায়তায় মুঠোফোনে উচ্চমাধ্যমিকের (এইচএসসি) ভর্তির ফরম পূরণ করে প্রায় অর্ধশত শিক্ষার্থীর সর্বনাশ হয়েছে। দোকানদার ভুলক্রমে তাদের শিক্ষা কোটায় ফরম পূরণ করে দিয়েছেন। এ কারণে সরকারি কলেজের ভর্তি হওয়ার পর তাদের ভর্তি বাতিল করে দেওয়া হয়েছে। এ বছর তারা আর কোনো সরকারি কলেজে ভর্তি হতে পারবে না।রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষা কোটায় যদি কোনো শিক্ষার্থী একটি সরকারি কলেজের ভর্তির ফরম পূরণ করে, তাহলে অবশ্যই সেই কলেজে তার বাবা অথবা মায়ের চাকরি থাকতে হবে। যে কলেজে বাবা অথবা মা চাকরি করেন না, সেই কলেজে কোনো শিক্ষার্থী ওই কোটায় ভর্তি হতে পারবে না। সরকারি কলেজে এ রকম শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ কোটাও রাখা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, এই প্রথমবারের মতো দেশে মুঠোফোনের মাধ্যমে এইচএসসিতে ভর্তির ফরম পূরণ করা হয়েছে। নিয়ম না জানার কারণে মুঠোফোনের দোকানদারের সাহায্য নিয়ে তারা ভর্তি ফরম পূরণ করেছিল। দোকানদার ভুলে শিক্ষা কোটায় তাদের ভর্তি ফরম পূরণ করে দিয়েছেন। মেধাতালিকায় স্থান পেয়ে ভর্তি হওয়ার পর কলেজ কর্তৃপক্ষ শিক্ষা কোটার বিপরীতে তাদের কাছে কাগজপত্র চায়। কিন্তু কাগজপত্র দিতে না পারায় তাদের ভর্তি বাতিল হয়ে যায়। তাদের মধ্যে সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাও আছে। মুঠোফোনে ভর্তি ফরম পূরণ করে দিয়েছেন—এমন একটি প্রতিষ্ঠানের মালিক তপু বলে, টেলিটকের রাজশাহী কার্যালয় থেকে যেভাবে ফরম পূরণ করতে বলেছে, তিনি সেভাবেই পূরণ করেছে। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তানভিরুল আলম বলেন, একটি সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে ভর্তি কার্যক্রম শেষ করা হয়েছে। এখন আর ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের নতুন করে সুযোগ দেওয়া যাবে না। কারণ, ভুলটা তাদের।