দোকানপাট-গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা পৌর শহরের পারলা এলাকায় গতকাল মঙ্গলবার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কটি দোকানপাট ও গাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষের সময় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।সংঘর্ষকালে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ওয়ারেস উদ্দিন, ছাত্রদলের নেতা ইকবাল হোসেন, জামরুল ইসলাম, চ্যানেল আইয়ের প্রতিনিধিসহ ১৫ ব্যক্তি আহত হন। তাঁদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের মোক্তারপাড়ার মহুয়া মিলনায়তনে গতকাল সকালে ১৮ দল ও আওয়ামী লীগ সমাবেশ আহ্বান করে। একই স্থানে ও একই সময় দুই পক্ষ সমাবেশ ডাকায় ওই এলাকায় গতকাল সারা দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়। বিএনপির নেতা-কর্মীরা অভিযোগ করেন, আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা সোমবার রাতে ওই মিলনায়তনে তাঁদের জোটের সমাবেশ মঞ্চ ও জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এরপর সমাবেশের স্থান পরিবর্তন করে স্থানীয় পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় নির্ধারণ করা হয়। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা গতকাল সকাল থেকে সেখানেও তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, পারলা এলাকায় বেলা ১১টার দিকে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে তারা রামদা, হকিস্টিক ও ইটপাটকেল নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা সংঘর্ষ চলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় ২০-২৫টি দোকান, একটি বাস, একটি মাইক্রোবাস ও সাতটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে মোটরসাইকেলগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম বলেন, ‘আমরা সকালে আনন্দবাজার মোড় থেকে পারলার দিকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিলাম। বিএনপির লোকজন সে সময় আমাদের বাধা দেওয়ায় আমরা তাদের সমাবেশ পণ্ড করে দিই।’ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় আমাদের ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছে।’