কুমিল্লার নামে বিভাগের দাবিতে আজ বুধবার বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত এক ঘণ্টা নগরের দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ময়নামতি নয়, কুমিল্লা নামে বিভাগের দাবিতে আন্দোলনরত তরুণ প্রজন্মের মহাসমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
একই সঙ্গে আজ কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন ও কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে।
নগরের পূবালী চত্বরে আয়োজিত মহাসমাবেশে বিভিন্ন এলাকা থেকে পতাকা মিছিল নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় কান্দিরপাড় চৌরাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে ক্ষণে ক্ষণে স্লোগান ও বাউলগান গাওয়া হয়।
মহাসমাবেশে নগরের অন্তত ২০টি ওয়ার্ডের হাজার হাজার নারী-পুরুষ ও ছাত্র-জনতা অংশ নেন। কুমিল্লার কাগজ-এর সম্পাদক আবুল কাশেম হৃদয়ের সভাপতিত্বে মহাসমাবেশে কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জোহরা আনিস, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার, লালমাই ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আলী হোসেন চৌধুরী, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা, লেখক ও প্রাবন্ধিক এহতেশাম হায়দার চৌধুরী, শিরোনাম পত্রিকার সম্পাদক নিতীশ সাহা, বিএমএ কুমিল্লার সাবেক সভাপতি গোলাম মহিউদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক আতাউর রহমান, নাইস আইটি ফার্মের ব্যবস্থাপনা পরিচালক সাইফ রনি, সংগীতশিল্পী মো. কাউসার, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান ভূঁইয়া, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী এনামুল হক, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন, বাংলার আলোড়ন পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, মনজুর কাদের ও গণজাগরণ মঞ্চ কুমিল্লার সংগঠক খায়রুল আনাম রায়হান বক্তব্য দেন।
মহাসমাবেশে কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার বলেন, অতীতে কুমিল্লাকে নানাভাবে বঞ্চিত করা হয়েছে। এবারও কুমিল্লার নাম বাদ দিয়ে বিভাগের নাম ময়নামতি করার তোড়জোড় চলছে। কুমিল্লাবাসী তা কোনোভাবেই মেনে নেবে না। অবিলম্বে প্রধানমন্ত্রীকে কুমিল্লা নামে বিভাগ ঘোষণা করতে হবে। তবেই ছাত্র ও শিক্ষক সমাজ বাড়ি ফিরে যাবে।