টাঙ্গাইলের সখীপুরে দিনে-দুপুরে ব্যবসায়ী আবদুর রাজ্জাককে (২৮) কুপিয়ে খুন করার ঘটনায় খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় সখীপুর মোখতার ফোয়ারা চত্বরে সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, মাইক্রোবাস শ্রমিক সমিতি ও রংধনু ক্লাব যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। ঈদের আগ মুহূর্তের কেনাবেচা বাদ দিয়ে সকাল থেকে বেলা একটা পর্যন্ত সব দোকানপাট বন্ধ রেখে কয়েক শ ব্যবসায়ী এসব কর্মসূচিতে যোগ দেন।
এদিকে নিহত আবদুর রাজ্জাকের বাবা শামসুল হক সৌদি আরব থেকে আজ বৃহস্পতিবার দেশে আসার কথা থাকায় রাজ্জাকের লাশ মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আজ রাজ্জাকের জানাজা শেষে লাশ দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সখীপুর ফাহিম সুপার মার্কেটের দোতলায় ওই মার্কেটের মালিকের ছেলে রুবেল দলবল নিয়ে ঈদবাজারের ক্রেতা-বিক্রেতাদের সামনেই আবদুর রাজ্জাককে চাপাতি দিয়ে কুপিয়ে খুন করেন। আবদুর রাজ্জাক সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাদ্যগুদামের পাশে দীর্ঘদিন ধরে বসবাস করে পুরোনো গাড়ি কেনাবেচার ব্যবসা করতেন।
মঙ্গলবার বিকেল চারটার দিকে রাজ্জাকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ মাইক্রোবাস শ্রমিক সংগঠনের সদস্য ও নিহতের স্বজনেরা লাঠিসোঁটা নিয়ে রুবেলের ফাহিম সুপার মার্কেটে হামলা করেন। এঁদের একাংশ রুবেলের বাড়িতেও হামলা ও ভাঙচুর করে। পরে বিক্ষুব্ধ লোকজন সখীপুর-ঢাকা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখেন। সে সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক অবরোধকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ, দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে ও লাঠিপেটা করে।
ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল ১০টায় সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি, উপজেলা মাইক্রোবাস শ্রমিক সমিতি ও স্থানীয় রংধনু ক্লাবের সদস্যরা যৌথভাবে গতকাল বুধবার সকাল থেকেই সখীপুর বাজারের সব দোকানপাট বন্ধ করে হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মোখতার ফোয়ারা চত্বরে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। পরে তাঁদের একটি বিক্ষোভ মিছিল সখীপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে মোখতার ফোয়ারা চত্বরে তাঁরা সমাবেশ করেন।
সখীপুর বণিক সমিতির সভাপতি তাহেরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার, সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ প্রমুখ।
সখীপুর থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ প্রথম আলোকে বলেন, নাসির উদ্দিন নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সখীপুরের মার্কেটগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।