
কুমিল্লা নগরে স্বর্ণের দোকানে লুট ও দোকানের কর্মচারীকে গুলি করে হত্যার প্রতিবাদে গতকাল রোববার স্বর্ণ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ করেছেন। অজিত গুহ মহাবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন। সকাল ছয়টা থেকে বেলা একটা পর্যন্ত কর্মসূচি চলাকালে রাজগঞ্জ-চকবাজার সড়কে কোনো যানবাহন চলাচল করতে দেননি ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গত শনিবার সন্ধ্যায় একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে একদল ডাকাত ছাতিপট্টি ট্রাঙ্ক রোডের জুয়েলারি মার্কেট এলাকায় আসে। তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। ডাকাতেরা কুমিল্লার অজিত গুহ মহাবিদ্যালয়ের ফটকসংলগ্ন জানাব খান জুয়েলার্সের সামনে আরও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। রাজনৈতিক সংঘাত মনে করে সোনার দোকানিরা দোকান বন্ধ করে দেন। তখন ডাকাতের দল জানাব খান জুয়েলার্সে ঢুকে লুটপাট শুরু করে। এতে বাধা দিলে দোকানের কারিগর গোপাল চন্দ্র ও কর্মচারী সোহেলকে লক্ষ্য করে ডাকাতেরা বেশ কয়েকটি গুলি ছোড়ে। গুলিতে গোপাল চন্দ্র কর্মকার ঘটনাস্থলেই মারা যান। ডাকাতেরা ওই দোকান থেকে কমপক্ষে ৩০০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
সাংসদ আ ক ম বাহাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া ও এসপি টুটুল চক্রবর্তী। জেলা প্রশাসক অবিলম্বে ডাকাতদের গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেন। এ ঘটনায় ওই দোকানের মালিক কাবুল খান অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
গতকাল বাংলাদেশ জুয়েলারি সমিতি কুমিল্লা শাখার উদ্যোগে ওই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জুয়েলারি মালিক সমিতির সহসভাপতি গোলাম কিবরিয়া মজুমদার। বক্তারা অবিলম্বে এই ডাকাতিতে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে তাঁরা স্বর্ণের দোকানগুলোর সামনে পুলিশ ফাঁড়ি স্থাপনেরও দাবি জানান। সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল আলম বলেন, আগামীকাল (আজ সোমবার) স্মারকলিপি দেওয়ার পর সিদ্ধান্ত হবে দোকান খোলা হবে কি না।