কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরে লটারির কুপন বিক্রি করে ফলাফল ঘোষণা না করায় বিক্ষুব্ধ লোকজন স্থানীয় গফুর মার্কেটে হামলা চালিয়ে ১০টি দোকান ভাঙচুর ও মালামাল লুটপাট করেছে। গত সোমবার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের লাঠিপেটা ও রাবার বুলেটে তিনজন আহত হন।
স্থানীয়দের অভিযোগ, গফুর মার্কেটে মুন্নি ক্লথ স্টোরের মালিক মূল্য হ্রাসের আকর্ষণীয় প্রচারণা চালিয়ে কুপন লটারি আহ্বান করেন। এক সপ্তাহ ধরে প্রচারণা চালিয়ে কুপন বিক্রি করা হয়। লটারির প্রতিটি টিকিটের মূল্য ছিল ২০ টাকা। এভাবে প্রায় ১০ হাজার টিকিট বিক্রি করে প্রায় দুই লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, সোমবার রাত ১১টায় লটারির ড্র অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ড্রয়ের ফলাফল জানতে এ সময় অসংখ্য মানুষ দোকানের সামনে জড়ো হন। কিন্তু অনেক রাত পর্যন্ত ড্র না করে গ্রাহকদের অপেক্ষায় রাখা হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন দোকানপাটে ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও লুটপাট শুরু করেন। এ সময় মুন্নি ক্লথ স্টোরসহ আশপাশের প্রায় ১০টি দোকানের শাটার ভেঙে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করা হয়।
খবর পেয়ে ফুলবাড়ী থানা থেকে পুলিশ এসে লাঠিপেটা ও সাতটি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে মাইদুল ইসলাম (৩২), লিটন মিয়া (৩৫) ও সফিকুল ইসলাম (২৭) আহত হন। আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মুন্নি ক্লথ স্টোরের মালিক মকবুল হোসেনকে আটক করেছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তি পুলিশি হেফাজতে রয়েছেন। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।