দোকানভাড়া আদায়ে অনিয়ম, তিন কর্মী সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের দোকানের ভাড়া আদায় করে তা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে তিনজন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনজনই করপোরেশনের এস্টেট শাখার কর্মী। গতকাল রোববার তাঁদের বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া তিন কর্মী হলেন, সহকারী এস্টেট কর্মকর্তা এখলাস উদ্দিন, কর্মচারী মোহাম্মদ মোহাদ্দেস ও দোকানের ভাড়া আদায়কারী প্রদীপ বড়ুয়া। গতকাল রোববার প্রথম আলোয় ‘এক হাজার ১৩৫ দোকানের ভাড়া জমা হয় না তিন বছর’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম বিষয়টি তদন্তে তাৎক্ষণিক পাঁচজন ওয়ার্ড কাউন্সিলরকে দায়িত্ব দেন। তাঁরা হলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ, নিয়াজ মোহাম্মদ খান, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ তৈয়ব ও সরফরাজ কাদের। তাঁরা কিছু দোকানের ভাড়া আদায়ের বিষয়টি যাচাই-বাছাই করে অনিয়মের সত্যতা পান। নিরীক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নিয়াজ মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘তাৎক্ষণিক তদন্ত করে দোকানের ভাড়া আদায়ের ক্ষেত্রে আমরা ব্যাপক অনিয়ম সম্পর্কে নিশ্চিত হই। বিষয়টি মেয়রকে জানিয়েছি।’সিটি করপোরেশনের সচিব মো. সামসুদ্দোহা বলেন, ‘পাঁচ ওয়ার্ড কাউন্সিলর ভাড়া জমা না দেওয়ার অভিযোগ খতিয়ে দেখেন। তাঁরা প্রাথমিকভাবে দোকান ভাড়া আদায়ে অনিয়ম খুঁজে পান। তাঁরা বিষয়টি মেয়রকে জানালে ভাড়া আদায়ের সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। একটি নিরীক্ষা প্রতিষ্ঠানকে (অডিট ফার্ম) দিয়ে পরে সব দোকানের নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ করপোরেশনের সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে সহকারী এস্টেট কর্মকর্তা এখলাস উদ্দিন কোনো কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।