দোকানমালিক খুন, কর্মচারী তিন ভাইসহ গ্রেপ্তার ৫
রাজধানীর উপকণ্ঠ দক্ষিণ কেরানীগঞ্জের চরকালীগঞ্জে কর্মচারীদের কাঁচির আঘাতে একজন দোকানমালিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম নুরুজ্জামান (৪০)। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। অলিনগরে আসমা সিটি টাওয়ারে নুর পেইন্ট হাউসের মালিক ছিলেন নুরুজ্জামান। দোকানের ভেতরেই খুনের ঘটনা ঘটে। পুলিশ কারখানার কর্মচারী তিন সহোদরসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া তিন সহোদর হলো: সজীব (১৫), শরীফ (১৯) ও আরিফ (২৫)। বাকি দুজন হলেন: ফরহাদ (২০) এবং সোহেল (২২)। গ্রেপ্তার হওয়া কর্মচারীরা বলেছেন, বকেয়া বেতন নিয়ে বিতণ্ডার একপর্যায়ে খুনের ঘটনা ঘটে। আর নুরুজ্জামানের ভাই বলেছেন, দোকান থেকে কাপড় চুরির ঘটনায় কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটান।খুনের প্রতিবাদে গতকাল দুপুরে আসমা সিটি টাওয়ারে ব্যবসায়ীরা প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ করেন। এ সময় এলাকার দোকানপাট বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, কেরানীগঞ্জ গার্মেন্ট পল্লি অলিনগর এলাকার আসমা সিটি টাওয়ারে দুপুর সাড়ে ১২টায় আসেন নুরুজ্জামান। এসেই তিনি কর্মচারীদের সঙ্গে বকেয়া বেতন নিয়ে বৈঠকে বসেন। বেতন নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে কর্মচারীরা হাতের কাঁচি দিয়ে তাঁকে উপর্যুপরি আঘাত করেন।পাশের দোকানের মালিক ফরিদ উদ্দিন জানান, বকেয়া পাওনা নিয়ে বিতণ্ডার একপর্যায়ে একজোট হয়ে দোকান বন্ধ করে দেন কর্মচারীরা। এরপর কাঁচি দিয়ে তাঁরা নুরুজ্জামানের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। নুরুজ্জামানের চিৎকারে আশপাশের লোকজন এসে দোকান খুলে তিনজন কর্মচারীকে আটক করে। আর মুমূর্ষু অবস্থায় নুরুজ্জামানকে মিটফোর্ড হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।নুরুজ্জামানের মৃত্যুর খবরে আশপাশের ব্যবসায়ীরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন। পুরো এলাকার কেনাবেচা বন্ধ হয়ে যায়। এলাকায় যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে বিক্ষোভকারীরা তিন সহোদরকে পুলিশে দিতে অস্বীকার করে। একপর্যায়ে র্যাব ও ম্যাজিস্ট্রেট এসে পরিস্থিতি সামাল দেয় এবং তিনজনকে পুলিশের হাতে তুলে দেয়। মার্কেট থেকে গ্রেপ্তার হওয়া দোকানের অপর দুই কর্মচারী ফরহাদ ও সোহেল জানান, তিন ভাইয়ের সঙ্গে দোকানের মালিক নুরুজ্জামানের ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। এর জের ধরেই তিন ভাই এ ঘটনা ঘটিয়েছে। নুরুজ্জামানের বড় ভাই মো. শাহিনুর জানান, তাঁর ভাই ১০-১২ বছর ধরে কাপড়ে রঙ করার চুক্তিভিত্তিক কাজ করতেন। কয়েক দিন আগে তাঁর ভাইয়ের দোকান থেকে কয়েকজন কর্মচারী কাপড় চুরি করে বিক্রি করে দেন। নুরুজ্জামান চুরির বিষয়ে জানতে চাইলে কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে এ হত্যাকাণ্ড ঘটান। নুরুজ্জামানের বাবার নাম মো. হাজি মোসলেম। বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে। তিনি স্ত্রীকে নিয়ে কালীগঞ্জ শান্তপাড়া এলাকায় থাকতেন।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি (প্রশাসন) আবুল বাশার জানান, ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরেই কর্মচারীরা একজোট হয়ে মালিক নুরুজ্জামানকে হত্যা করেছেন। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।