দোকানি ও হাটুরেদের ঠেলে বিদ্যালয়ে আসা-যাওয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ে চলছে পরীক্ষা। সময় ২৩ জুলাইয়ের বেলা একটা। বিদ্যালয়ে ছুটির ঘণ্টা বাজতেই শিক্ষার্থীরা দল বেধে শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে মূল ফটকে এসে থমকে এদিক-ওদিক তাকাতাকি করছে। কারণ, বিদ্যালয়ের মাঠজুড়ে বসেছে হাটবাজার। এমনকি বিদ্যালয়ে চলাচলের রাস্তাটিও দখল করে বসানো হয়েছে দোকানপাট। হাটুরে ও দোকানিদের ঠেলেই এগোতে হবে এসব শিশুকে। তাই থমকে কোন পথে এগোবে তা ভেবে নিতে হচ্ছিল তাদের।
এটি নওগাঁর বদলগাছি মডেল উচ্চবিদ্যালয়ের চিত্র। সপ্তাহে দুই দিন বিদ্যালয় মাঠজুড়ে হাট বসায় শিক্ষার্থীদের এ ভোগান্তির শিকার হতে হচ্ছে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা এ ভোগান্তি পোহাতে হলেও মাঠটি থেকে হাটবাজার সরানো হয়নি। এমনকি মাঠটি থেকে হাটবাজার সরিয়ে নিতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধন করেছে, স্থানীয় প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে, অসুবিধার কথা জানিয়ে এলাকায় লিফলেট বিতরণ করেছে। কিন্তু কাজ হয়নি কিছুই।
এ অবস্থায় মাঠটি থেকে হাটবাজার অপসারণে স্থানীয় প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিদ্যালয়টির প্রধান শিক্ষক সুরেশ সিংহ। তিনি বলেন, ‘ইউএনও স্যারকে বিদ্যালয় মাঠ থেকে হাটবাজার অপসারণের জন্য অনুরোধ করেছি। তিনি আমাকে হাইকোর্টে রিট করার পরামর্শ দিয়েছেন। কিন্তু ইউএনও স্যার তো ইচ্ছা করলে এক ঘণ্টার মধ্যে বিদ্যালয়ের মাঠের হাটবাজার অপসারণ করতে পারেন।’ তিনি আরও বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ কয়েকবার এই হাটবাজার উচ্ছেদে লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসককে কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। হাটের কারণে বিদ্যালয়ের যে সমস্যা হচ্ছে, তা জানিয়ে এলাকায় লিফলেটও বিতরণ করা হয়েছে। তবু মাঠটি থেকে হাটবাজার অপসারণ হয়নি।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মূল ফটকের সামনের রাস্তার ওপর দোকানপাট বসিয়ে কেনাবেচা চলছে। ট্রাক ও ভটভটি বিদ্যালয় মাঠের ভেতরে ঢুকে পণ্য খালাস ও বোঝাই করছে। এতে মাঠটি কাদাপানিতে একাকার হয়ে যেন চাষ দেওয়া জমিতে পরিণত হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, সপ্তাহের শনি ও বুধবার বসে হাট। এ ছাড়া প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত এ মাঠে বসে কাঁচামালের বাজার। বিদ্যালয় মাঠে এ রকম হাটবাজার বসায় তাদের আসা-যাওয়া করতে ভোগান্তি পোহাতে হচ্ছে। মাঠটি নষ্ট হয়ে যাওয়ায় খেলাধুলা বন্ধ হয়ে গেছে। দশম শ্রেণির শিক্ষার্থী বোরহান হাসান বলে, আসা-যাওয়ার ভোগান্তি ছাড়াও হাটবাজারে আসা লোকজনের চিৎকারে লেখাপড়ার পরিবেশ নষ্ট হচ্ছে।
বদলগাছি থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুর রহমান বলেন, বিদ্যালয় মাঠের পাশেই থানা ভবন। ওই মাঠে হাটবাজার বসায় থানাতেও লোকজনের আসা-যাওয়ায় কষ্ট হয়।
বদলগাছির ইউএনও হুসাইন শওকত বলেন, বিষয়টি তিনি অবগত আছেন। মাঠটি থেকে হাটবাজার উচ্ছেদে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে। তবে স্থানীয়ভাবে এ বিষয়ে দলমত-নির্বিশেষে এক হয়ে উদ্যোগ নিলে প্রশাসনের পক্ষ থেকে শতভাগ সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
বদলগাছি হাটবাজারের ইজারাদারের প্রতিনিধি শহিদ হোসেন বলেন, ইজারাদারেরা প্রতিবছর বিদ্যালয় কর্তৃপক্ষকে মোটা অঙ্কের টাকা দেয়। তবে চলতি বছর এখন পর্যন্ত বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো টাকাপয়সা নেয়নি।
হাট কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে প্রধান শিক্ষক সুরেশ সিংহ বলেন, ‘বিদ্যালয়ের মাঠ থেকে যখন হাটবাজার উচ্ছেদ হচ্ছিল না তখন আমরা মাঠ সংস্কারের জন্য একবার ইজারাদারের কাছে বিশ হাজার টাকা নিয়েছিলাম। এরপর কয়েক বছর ধরে আর ইজারাদারের কাছ থেকে কোনো টাকাপয়সা নিইনি।’