দোকানি পণ্য না রাখায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোকানি পণ্য রাখবেন না, বিক্রয় প্রতিনিধি পণ্য দেবেনই। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ভাঙচুর ও হামলায় দোকানির হাত ভেঙে গেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল বুধবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ‘পৌর কাঁচাবাজার’ নামের একটি মার্কেটে এ ঘটনা ঘটে। প্রতিবাদে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আরিফ (২০) নামের এক যুবককে আটক করেছে।প্রত্যক্ষদর্শী ও মার্কেটের ব্যবসায়ীরা জানান, বেলা একটার দিকে পৌর এলাকার সেওতা গ্রামের বাসিন্দা বিক্রয় প্রতিনিধি শরীফ হোসেন ওই মার্কেটের জমশের আলীর দোকানে গুঁড়াদুধ বিক্রি করতে আসেন। তিনি গুঁড়াদুধ রাখতে রাজি হননি। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর সেওতা এলাকার মামুন, আরিফ ও শাকিলসহ আরও চার-পাঁচজন যুবককে সঙ্গে নিয়ে শরীফ ওই দোকানে হামলা চালান। বাধা দিলে তাঁরা জমশেরকে পেটাতে থাকেন। এতে তাঁর বাঁ হাত ভেঙে যায়।জমশেরের ছেলে মনির হোসেন অভিযোগ করেন, শরীফের ইচ্ছামাফিক ওই পণ্য না রাখায় তাঁরা রড নিয়ে হামলা চালান। রডের আঘাতে তাঁর বাবার বাঁ হাত ভেঙে গেছে। মার্কেটের বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল আলীম জানান, ব্যবসায়ীকে মারধরের ঘটনায় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে মার্কেটের সামনে বিক্ষোভ করেছেন। পুলিশ দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁরা শান্ত হন।মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, জমসের আলীকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।