দোকানিকে পিটিয়ে হত্যার ঘটনায় ডিবির তদন্ত কমিটি
নরসিংদীর বেলাবতে মুদিদোকানিকে পিটিয়ে হত্যার ঘটনায় গত বুধবার রাতেই পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিউর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেলে জানাজা শেষে মুদিদোকানি মোহাম্মদ আলীর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার বেলা দুইটায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) খোকনচন্দ্র সরকার মাদক বিক্রির অভিযোগে মোহাম্মদ আলীর দোকানে অভিযান চালান। তখন মাদক বিক্রির কথা অস্বীকার করলে মোহাম্মদ আলীকে একটি মুঠোফোন টাওয়ারের সীমানাপ্রাচীরের ভেতরে নিয়ে রড দিয়ে পিটিয়ে ও ইট দিয়ে বুকে আঘাত করে আহত করা হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তবে গোয়েন্দা পুলিশ বলছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ আলীর মৃত্যু হয়। গতকাল নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বেলা সাড়ে তিনটায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। নরসিংদী সদর হাসপাতালের আরএমও আমিরুল হক বলেন, ‘আমি ময়নাতদন্ত করেছি। তবে এ ব্যাপারে কোনো তথ্য দেওয়া সম্ভব নয়। সুরতহাল রিপোর্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট করেছেন।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, ‘আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ লিখিতভাবে অনুমতি না দিলে এ ব্যাপারে কোনো কথা বলতে পারব না।’ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রেহান উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
নিহত দোকানির মা অনুফা বেগম সন্ধ্যা সোয়া ছয়টায় মুঠোফোনে বলেন, ‘মাত্র ছেলেকে দাফন করেছি। এ ব্যাপারে কথা বলার মতো মানসিক ভারসাম্য আমার নেই। মামলার বিষয়ে আগে পরিবারের সবার সঙ্গে বুঝে নিই। পরে দেখা যাবে কী করি।’
সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ‘সুরতহাল নির্বাহী ম্যাজিস্ট্রেট করেছেন। আর আমার থানার এসআই সামসুল উপস্থিত ছিলেন। সুরতহালে লাশে বাহ্যিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আর এ ব্যাপারে গোয়েন্দা পুলিশ বাদী হয়ে বুধবার রাতে একটি অপমৃত্যুর মামলা করেছে।’
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিউর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ বিষয়ে আপাতত কোনো তথ্য দেওয়া যাচ্ছে না।