দোকানিকে ফাঁসানোর চেষ্টা র‌্যাবের সোর্স গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের কোতোয়ালি থানাধীন মিয়াখাননগর এলাকায় ফোন-ফ্যাক্সের এক দোকানিকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেছেন র‌্যাবের এক সোর্স। পরে ওই সোর্সকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, র‌্যাবের ওই সোর্সের নাম মহিউদ্দিন। আর ফোন-ফ্যাক্সের দোকানির নাম মোহাম্মদ সবুর। সপ্তাহ তিনেক আগে সবুরের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন মহিউদ্দিন। নইলে র‌্যাব দিয়ে তাঁকে হয়রানি করারও হুমকি দেন মহিউদ্দিন। চাঁদা না পাওয়ায় সবুরের কাছে ইয়াবা বড়ি আছে বলে র‌্যাবের দুই সদস্যকে নিয়ে গতকাল দুপুরের দিকে মিয়াখাননগরের একটি সেতুর কাছে অপেক্ষা করছিলেন মহিউদ্দিন। প্রত্যক্ষদর্শীরা জানান, মিয়াখাননগরের সেতুর কাছে মহিউদ্দিন র‌্যাবের দুই সোর্সকে নিয়ে অপেক্ষা করছিলেন। মহিউদ্দিন সেখান থেকে ফোন করে সবুরকে মিয়াখাননগরের সেতুর কাছে যেতে বলেন। সবুর স্থানীয় কয়েকজন দোকানিকে নিয়ে ঘটনাস্থলে যান। মহিউদ্দিনকে দেখে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁকে গণপিটুনি দেওয়া হয়। ক্ষুব্ধ লোকজন র‌্যাবের দুই সদস্যের ওপরও চড়াও হওয়ার চেষ্টা করে। পরিচয় দেওয়ায় তাঁরা রক্ষা পান। র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আসলে আমাদের দুই সদস্যকে বিভ্রান্ত করতে মহিউদ্দিন এ কাণ্ড ঘটিয়েছেন। আমরাই আবার তাঁকে ধরে পুলিশে দিয়েছি। সোর্সরা বিভিন্ন সময় আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করেন। কিছুদিন আগেও আমাদের এক কর্মকর্তার পরিচয় দিয়ে চাঁদাবাজি করছিল আরেক সোর্স। ওই সোর্স এখন কারাগারে। কোনো সোর্স বা অন্য কেউ র‌্যাবের পরিচয় দিয়ে অনৈতিক কাজ করলে রক্ষা নেই। সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’