দোকানিকে মারধর করে দোকানে তালা দিল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কামাল-রঞ্জিত মার্কেটের দুটি দোকানে গতকাল সোমবার বেলা ১১টার দিকে তালা দিয়েছে ছাত্রলীগ। এ সময় রাসেল নামে এক দোকানিকে মারধর করা হয়। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা নিয়মিত দোকান দুটিতে জমায়েত হন বলে অভিযোগ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে বিকেলে বিশ্ববিদ্যালয় প্রক্টর দোকান দুটি খুলে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে রাসেল মনিহার গিফট স্টেশনারি নামের দোকানটি খোলার পরই ছাত্রলীগের ২০-২৫ জন নেতা-কর্মী অতর্কিতে ঢুকে তাঁকে মারধর শুরু করেন। এ সময় রাসেল দোকান ফেলে পালিয়ে গেলে ছাত্রলীগের কর্মীরা দোকানে তালা ঝুলিয়ে দেন। পরে পাশের আরেকটি দোকানেও তালা দেওয়া হয়। বেলা তিনটার দিকে প্রক্টর ও ছাত্রলীগের নেতা-কর্মীরা গিয়ে দোকান দুটি খুলে দেন। প্রক্টর শহীদুর রহমান খান বলেন, বিষয়টি মিটমাট করে দেওয়া হয়েছে।