দোকানির অস্ত্রোপচার শিশুর মৃত্যু
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় রেশমা আক্তার নামের এক শিশুর টিউমার ওষুধের দোকানি অস্ত্রোপচার করার পর শিশুটি মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেছেন।
জানা গেছে, রেশমার বাবা সাইফুল ইসলাম সপরিবারে উপজেলার মুনসুরপুর গ্রামে একটি বাড়িতে ভাড়া থাকেন। সম্প্রতি রেশমার কোমরের পেছনে একটি টিউমার দেখা দেয়। ওই টিউমারের চিকিৎসার জন্য সাইফুল গতকাল সকালে রেশমাকে নিয়ে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখানে এক দালালের খপ্পরে পড়ে তিনি বিকেলে রেশমাকে তুমুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজারের আবদুল বাতেনের ‘আঁখিমণি ড্রগ হাউজ’ নামের ফার্মেসিতে নিয়ে যান। সেখানে ওষুধের দোকানি বাতেন শিশুটির কোমরে তিনটি ইনজেকশন পুশ করেন এবং ব্লেড দিয়ে টিউমারটি কেটে দেন। একপর্যায়ে রেশমা অজ্ঞান হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে রেশমাকে সন্ধ্যা ছয়টার দিকে আবার কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. জাহিদ ইকবাল বলেন, রেশমাকে মৃত অবস্থায় এখানে আনা হয়।