দোকানির থাপড়, শিশুর কান্না
বগুড়া শহরের চায়ের দোকানে কাজ করা এক শিশু নির্যাতনের শিকার হয়েছে। গতকাল রোববার সাতমাথা এলাকায় ফুল মার্কেটসংলগ্ন শহীদ খোকন পার্কের পশ্চিম ফটক এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মানবাধিকার সংগঠন সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) বগুড়ার সাধারণ সম্পাদক কে জি ফারুক বলেন, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের প্রথম দিন ছিল গতকাল রোববার। বিকেলে কয়েকজন মানবাধিকারকর্মীকে নিয়ে তিনি ওই দোকানে চা খাচ্ছিলেন।
একপর্যায়ে দোকানদার মিনহাজুল ইসলাম তাঁর শিশু কর্মচারী সজীব মিয়াকে মারধর শুরু করেন। শিশুটি তখন হাউমাউ করে কাঁদছিল। এ সময় তাঁরা শিশু অধিকার সপ্তাহের দিনের কথা স্মরণ করিয়ে দিয়ে এভাবে মারধর করা থেকে দোকানদারকে বিরত থাকতে বলেন। এ কথা না শুনে মারধর করতে থাকায় পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে মিনহাজুলকে আটক করে।
নির্যাতনের শিকার সজীব মিয়া বলে, ‘বাবা নাই। খাবার জোগাতে চায়ের দোকানে কাজ করি। যে দোকানেই কাজ করতে যাই, একটু ভুল হলে সেখানেই মারধর খেতে হয়।’
চা দোকানদার মিনহাজুল ইসলাম বলেন, ‘শিশুদের নিয়ে কাজ করা খুব ঝামেলার ব্যাপার। তারা কাজ করতে চায় না। খালি ফাঁকি দিতে চায়। সন্ধ্যায় দোকানে ক্রেতার ভিড়। অথচ ওর পাত্তা নাই। বেশ কিছুক্ষণ পর দোকানে এলে রাগ করে দু-একটা থাপড় মেরেছি।’
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম বলেন, ঘটনাস্থলে গিয়ে নির্যাতনের সত্যতা পেয়ে চা দোকানি ও নির্যাতনের শিকার শিশুটিকে থানায় নিয়ে আসে পুলিশ। এখন শিশুটির কাছ থেকে সব শুনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।