দোকানিরা এখন আর বাকি দিতে চান না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেজিয়া খাতুন, মুক্তি বেগম, পার্বতী রানী, আলো রানী—সবাই নারী শ্রমিক। তাঁরা রোদ-বৃষ্টি-ঝড় মাথায় নিয়ে দিনের পর দিন পরিশ্রম করেন। সংসার চালাতে কেউ দোকান থেকে বাকিতে জিনিসপত্র কিনেছেন, কেউবা স্বজন ও পরিচিতদের কাছ থেকে মাসে মাসে ধারদেনা করছেন। কিন্তু নিয়মিত বেতন-ভাতা না পাওয়ায় সেসব ধারদেনা পরিশোধ করতে পারছেন না তাঁরা। দোকানদারেরা এখন তাঁদের বাকি দিতে চান না এবং স্বজনেরা ধার দিতে চাচ্ছেন না। এ কারণে ঈদের খরচ জোগানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।
ঠাকুরগাঁও সদর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন সড়কে গত মঙ্গলবার ও গতকাল বুধবার নারী শ্রমিকদের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তাঁরা এলজিইডির রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সড়ক রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন।
এলজিইডির ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের পাঁচ উপজেলায় ২০১৫ সালের জুন মাসে রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় আরও ৫৩০ জন নারী শ্রমিক নিয়োগ করা হয়। এসব নারী শ্রমিকের দায়িত্ব সড়ক রক্ষণাবেক্ষণ করা। তাঁদের কাজ দেখভাল করেন কয়েকজন তত্ত্বাবধায়ক। প্রত্যেক শ্রমিককে দৈনিক দেড় শ টাকা মজুরি দেওয়া হয়। সপ্তাহে শুক্রবার ছুটি। এক মাস পরপর তাঁদের মজুরি দেওয়া হয়। মজুরি দেওয়ার সময় প্রতিদিনের মজুরির বিপরীতে ৫০ টাকা শ্রমিকদের নিজস্ব ব্যাংক হিসাব নম্বরে জমা রাখা হয়। সেই হিসাবে প্রত্যেক নারী শ্রমিককে প্রতিদিনের হাজিরায় ১০০ টাকা নগদ দিয়ে বাকি ৫০ টাকা সঞ্চয় রাখা হয়। কিন্তু বরাদ্দ না থাকায় মার্চ মাস থেকে তাঁদের বেতন বন্ধ রয়েছে।
সদর উপজেলার মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন পর্যন্ত সড়কে রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ নারী শ্রমিক কাজ করছিলেন। তাঁদের একজন মুক্তি বেগম (৩৫) বলেন, ‘তাঁদের আয়ের অন্য কোনো পথ নেই। পেটের দায়ে সড়কে মাটি কাটার কাজ বেছে নিয়েছেন। যে টাকা পান, তা দিয়ে মোটামুটি সংসারের খরচ চলে যায়। চার মাস ধরে সেই মজুরি বকেয়া পড়ায় সংসার চালাতে কষ্ট হচ্ছে তাঁদের। বেতন না পেলে ঈদ করা তাঁদের জন্য কষ্টকর হয়ে পড়বে।’
শ্রমিক শাহিনা বেগম (৩৯) বলেন, তাঁর স্বামী পাঁচ বছর আগে মারা গেছেন। নিজের সহায়-সম্বল নেই। ছোট দুই ছেলেকে নিয়ে দিনমজুরির টাকা দিয়ে চলেন। বেতন পাওয়ার আশায় এত দিন দোকানে বাকি করেছেন। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে দোকানদার পর্যন্ত আর বাকি দিতে চাচ্ছেন না।’
ভাউলারহাট থেকে যদুয়ার সড়কের নারী শ্রমিক ঝরি বেগম বলেন, ‘এখন আত্মীয়স্বজনের কাছে ধারদেনা করে সংসার চালাচ্ছি। কথামতো টাকা পরিশোধ করতে না পারায় তাঁরাও এখন কথা শোনাচ্ছেন। বেতন না পেলে ঈদ করব কী করে বুঝতে পারছি না।’
এলজিইডির ঠাকুরগাঁও কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শাহনুর বলেন, নারী শ্রমিকদের বেতন-ভাতা প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।