ঈদ সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের একটি দোকানে ছাত্রলীগের কর্মীরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে ছাত্রলীগ অভিযোগ অস্বীকার করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের আনোয়ার কনফেকশনারিতে গিয়ে ছাত্রলীগের কয়েকজন কর্মী ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় দোকানের কর্মচারী জহিরুল ইসলাম চাঁদা দিতে অস্বীকার করলে ছাত্রলীগের কর্মীরা তাঁকে মারধর করেন। এর প্রতিবাদে প্রান্তিক গেটের সব দোকান বন্ধ করে দেন মালিকেরা। বিকেলে উপাচার্য মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
প্রক্টর অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেন, দোকানের মালিকেরা লিখিত অভিযোগ দিয়েছে। ডিসিপ্লিন বোর্ডের সভায় এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান দাবি করেন, চাঁদাবাজির সঙ্গে ছাত্রলীগের কোনো কর্মী জড়িত নন।