দোকানে ট্রাক ঢুকে প্রাণ গেল দুই স্কুলছাত্রের
মৌলভীবাজার সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার একটি বালুবোঝাই ট্রাক একটি মুদি দোকানে ঢুকে পড়লে এ ঘটনা ঘটে।নিহত সুমন আহম্মেদ (১২) মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের সামছু মিয়ার ছেলে এবং আহাদ মিয়া (১৩) আয়াছ মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মুদি দোকানে ঢুকে পড়লে ঘটনাস্থলেই সুমন মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে আহাদের মৃত্যু হয়। সুমন জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী ও আহাদ চতুর্থ শ্রেণীর ছাত্র। বিক্ষুব্ধ লোকজন ট্রাকচালক আবদুল আলীকে (৪৫) আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। আহত ট্রাকচালককে মৌলভীবাজার আড়াই শ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।