দোকানে মাদক রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা পুলিশ কর্মকর্তার
দোকানের ক্যাশবাক্সে ফেনসিডিল রেখে মালিককে ফাঁসাতে গিয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরির্শক (এসআই) আনোয়ার নিজেই ফেঁসে গেছেন। উপস্থিত লোকজন তাঁকে ধরে গণপিটুনি দিয়েছেন। এ ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে।
প্রত্যক্ষদর্শী নাজমুল, রুমন, রাজুসহ কয়েকজন ব্যবসায়ী জানান, ডিবি পুলিশের এসআই আনোয়ারের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল রাত সাড়ে আটটার দিকে তিনটি মোটরসাইকেল নিয়ে কলেজ মোড় এলাকায় তহুরা ফটোস্ট্যাট অ্যান্ড স্টেশনারি দোকানে আসে। আনোয়ার দোকানে ঢুকে ক্যাশ বাক্সের ভেতরে ফেনসিডিলের একটি বোতল রাখতে গেলে দোকানমালিক নূর ইসলাম বাধা দেন। এ সময় আনোয়ার অন্য সহকর্মীদের ফেনসিডিল রাখার দায়ে নূর ইসলামকে আটক করার নির্দেশ দেন। উপস্থিত লোকজন এ সময় পুলিশের দলটিকে ঘেরাও করে বিক্ষোভ ও তাদের বিচার দাবি করেন। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশের অন্য সদস্যরা পালিয়ে যান। এ সময় ক্ষুব্ধ লোকজন এসআই আনোয়াকে ধরে গণপিটুনি দেন। পরে ছাত্রলীগের নেতারা মধ্যস্থতা করার আশ্বাস দিয়ে রাত সাড়ে ১০টার দিকে আনোয়ারকে ছেড়ে দেন।
নূর ইসলাম বলেন, ‘আমার দোকানের কর্মচারী কাজলের ভাতিজা লিয়নকে (২৩) পুলিশ ২ এপ্রিল রাতে শহরের পাশে ধরলা সেতু এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে আটক করে। তাঁকে ছেড়ে দিতে আনোয়ারকে ১৫ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু টাকা নেওয়ার পরও তাঁকে ৫৪ ধারায় আদালতে চালান দেওয়া হয়। পরে কাজল টাকা ফেরত চাইলে তিনি টাকা দিতে অপরগতা প্রকাশ করেন। একপর্যায়ে এ নিয়ে আনোয়ারের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয় এবং তিনি তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। এরই জের ধরে রাতে দলবল নিয়ে এসে আমার দোকানে ফেনসিডিল রেখে ফাঁসানোর চেষ্টা করেন।’
কলেজ মোড় এলাকার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘ডিবি পুলিশের এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। এ ঘটনার বিচার না হলে আমরা আন্দোলন করতে বাধ্য হব।’
আনোয়ার কেন এ কাজ করলেন একাধিকবার জানতে চাইলেও তিনি কোন উত্তর দেননি।
কুড়িগ্রাম সদর থানার পরিদর্শক (তদন্ত) রুহানী জানান, ব্যবসায়ীর দোকান থেকে ফেনসিডিল পাওয়ার বিষয়টি সন্দেহজনক। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে।
পুলিশ সুপার সঞ্জয় কুমার কুণ্ডু বলেন, জরুরি ভিত্তিতে এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।