দোকানের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর সদর উপজেলায় গতকাল মঙ্গলবার খৈয়ার ভাঙ্গা উচ্চবিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদের মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শিক্ষার্থীদের ভাষ্য, বিদ্যালয়ের পাশের দোকান থেকে খাবার খাওয়ার পর তারা অসুস্থ হয়ে গেছে।
সপ্তম শ্রেণির ছাত্রী খালেদা বেগম ও ফাল্গুনী আক্তার বলে, তাদের কয়েকজন বান্ধবী ক্লাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সকালে তারা বিদ্যালয়ে এসে ঝালমুড়ি, পুরি-শিঙাড়া খেয়েছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম বলেন, টিফিনের সময় বিদ্যালয়ের সামনের দোকান থেকে পুরি-শিঙাড়া খাওয়ার পরই পেটে ব্যথা শুরু হয় ১৫ জন শিক্ষার্থীর। কয়েকজন বমিও করে। অসুস্থ শিক্ষার্থীদের তাৎক্ষণিক মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়। তাদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, খাদ্যে বিষক্রিয়া ও আতঙ্কে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তে পারে। এ দুটি বিষয় মাথায় রেখেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।