দোকানের দেয়াল ভেঙে স্বর্ণালংকার লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফার্মগেটের ফার্মভিউ সুপার মার্কেটে একটি সোনার দোকানের দেয়াল ভেঙে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও টাকা লুট করেছে দুর্বৃত্তরা। দোকানের মালিকপক্ষের দাবি, দুর্বৃত্তরা ওই দোকান থেকে প্রায় ১৫০ ভরি স্বর্ণালংকার ও সাত লাখ টাকা ছাড়াও প্রায় ১৪ লাখ টাকা মূল্যের বন্ধক রাখা স্বর্ণালংকার নিয়ে গেছে।

গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার ভোরের মধ্যবর্তী কোনো এক সময়ের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় পুলিশ ওই মার্কেটের দুই নিরাপত্তাকর্মীসহ চারজনকে আটক করেছে।
তবে ঘটনার মূল হোতা হিসেবে ওই জুয়েলারি দোকানসংলগ্ন আরেকটি দোকানের ভাড়াটিয়াকে সন্দেহ করছে শেরেবাংলা নগর থানার পুলিশ। ঘটনার পর থেকে তাঁর খোঁজ নেই। ওই ভাড়াটিয়ার নাম মিলন বলে জানা গেছে।

পাঁচতলার ফার্ম ভিউ সুপার মার্কেটের দোতলায় ‘দি কল্পনা জুয়েলার্স’ নামের দোকানে এ ঘটনা ঘটেছে। মার্কেটের দোতলায় প্রায় ৪৫টির মতো স্বর্ণ ও বিভিন্ন অলংকারের দোকান আছে। কয়েকটি দোকান একটি আরেকটির সঙ্গে সংযুক্ত। দি কল্পনা জুয়েলার্সের সঙ্গে তিনটি দোকান সংযুক্ত।
সরেজমিনে দেখা গেছে, ওই জুয়েলারি দোকানের ভেতরে পূর্ব পাশের দেয়াল প্রায় এক ফুট বর্গাকারে ভাঙা। পূর্ব পাশের দোকানে পড়ে আছে বেশ কয়েকটি শাবল। এসব দেখে পুলিশ ও মার্কেটের লোকজন ধারণা করছেন, পূর্ব পাশের দোকান থেকে দেওয়াল ভেঙে জুয়েলারি দোকানে ঢুকেছে দুর্বৃত্তরা।
ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন দোকানের মালিক স্বপন পাল। আজ দুপুরে মার্কেটে গিয়ে দেখা গেছে, আরেকটি দোকানে বিমর্ষ অবস্থায় চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছেন তিনি। সাংবাদিক পরিচয় দিয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে আটটার দিকে দোকান তালাবদ্ধ করে তিনি বাসায় ফিরে যান। সকাল সাড়ে নয়টার দিকে তাঁর ছেলে মাধব পাল দোকান খুলে দেখেন এক পাশের দেয়াল ভাঙা। ভেতরে কোনো স্বর্ণালংকার ও টাকা নেই।
স্বপন বলেন, তাঁর দোকানে প্রায় দেড় শ ভরি স্বর্ণালংকার ও সাত লাখ টাকা ছিল। এ ছাড়া বন্ধক রাখা প্রায় ১৪ লাখ টাকার স্বর্ণালংকারও ছিল। সব স্বর্ণালংকার ও টাকা খোয়া গেছে। পাশের দোকানের ভাড়াটিয়া এ ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ করছেন তিনি।
মার্কেটে নিরাপত্তাকর্মী থাকলেও দোতলার জুয়েলারি দোকানগুলো পাহারা দেওয়ার জন্য প্রবীর মণ্ডল ও আশীষ সাহা নামের দুইজন নিরাপত্তাকর্মীকে নিজস্ব অর্থায়নে নিয়োগ দিয়েছেন দোকান মালিকেরা। রাত আটটার দিকে মার্কেটের সব দোকান বন্ধ হয়ে যায়। তখন দোতলায় কলাপসিবল ফটকে তালা ঝুলিয়ে চাবি নিজেদের কাছেই রাখেন এ দুই নিরাপত্তাকর্মী। রাতে দোকানে কারও অবস্থানের নিয়ম নেই। বিশেষ প্রয়োজনে অবস্থান করতে হলে কমিটির কাছে লিখিত আবেদন করে অনুমতি নিতে হয়। এমন নিয়ম কানুনের মধ্যে কীভাবে এমন ঘটনা ঘটল, তা মার্কেটের সবার কাছেই রহস্যজনক।
পুলিশ ওই দুই নিরাপত্তাকর্মী প্রবীর ও আশীষ এবং মিলন খান ও দিদারুল আলম নামের আরও দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। দুপুরে থানায় গিয়ে কথা হয় এ চারজনের সঙ্গে। প্রবীর ও আশীষ দাবি করেন, কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তাঁরা জানেন না। দেয়াল ভাঙার কোনো শব্দও তাঁরা পাননি।
আটক মিলন জানান, ফার্ম ভিউ সুপার মার্কেটের দোতলায় তাঁর একটি ফাস্ট ফুডের দোকান আছে। যে ভাড়াটিয়াকে সন্দেহ করা হচ্ছে, তাঁর নামও মিলন। তিনি প্রায় সময় তাঁর দোকানে খাবার খেতেন। একদিন দোকান ভাড়া নেওয়ার কথা বললে তিনি ওই জুয়েলারি দোকানসংলগ্ন দোকানটি দেখিয়ে দেন। এ জন্য দোকানটির ভাড়াটিয়া দিদারুলের সঙ্গে তিনি তাঁর পরিচয় করে দেন।
আটক দিদারুল বলেন, তিনি হাজি সাহেব নামে পরিচিত একজনের কাছ থেকে মাসে ৩০ হাজার টাকা ভাড়ায় দোকানটি ভাড়া নিয়েছিলেন। ভাড়া নেওয়ার পর তিনি গত মাসে পলাতক মিলনের কাছে তা ভাড়া দেন। মিলন তাঁকে বলেছিলেন, মুঠোফোন মেরামত ও বিভিন্ন সামগ্রী বিক্রির দোকান দেবেন তিনি। চলতি মাসের ১ তারিখে ওই দোকানে আসবাবপত্রও উঠিয়েছিলেন মিলন।
তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার আফরুজুল হক বলেন, পাশের দোকানের ভাড়াটিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক চারজনকেও জিজ্ঞাসাবাদ করে তথ্য নেওয়া হবে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।