দোকানের মালামাল উদ্ধার না হলে ধর্মঘটের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ তুলসীরাম সড়কে অবস্থিত রোস্তম অ্যান্ড সন্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার ১০ দিনেও উদ্ধার হয়নি। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
৩১ মার্চের মধ্যে লুট হওয়া মালামাল উদ্ধার না হলে ধর্মঘট ডাকা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন নীলফামারী শিল্প ও বণিক সমিতির নেতারা। সমিতির সভাপতি আবদুল ওয়াহেদ সরকার জানান, সৈয়দপুর শহরের ব্যবসাপ্রতিষ্ঠান রোস্তম অ্যান্ড সন্স থেকে দুর্বৃত্তরা প্রায় ২০ লাখ টাকা ও ১২৮ ভরি সোনা লুট করে। এর আনুমানিক মূল্য ৮৪ লাখ টাকা। ১৭ মার্চ রাতে দুর্বৃত্তরা ওই দোকানের সাটার খুলে ভেতরে ঢুকে লোহার সিন্দুক ভেঙে মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই দোকানমালিক নুরুল ইসলাম শাহ্ বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা করেন। সৈয়দপুর থানার ওসি সহিদার রহমান বলেন, ‘দোকান লুটের ঘটনাটি বেশ রহস্যজনক। ঘটনার পরপরই সন্দেহভাজন দোকান কর্মচারী অহিদুল ইসলামকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে।’