দোকানের মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংঘাত আর লুটপাটের আতঙ্কে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার প্রধান বাজারের ব্যবসায়ীরা মালামাল দোকান থেকে সরিয়ে নিয়েছেন। ব্যবসায়ীরা বলছেন, বাজারে হামলা ও গণ লুটপাট হতে পারে বলে গুজব রয়েছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ব্যবসায়ীদের আশ্বস্ত করার চেষ্টা করছেন।স্থানীয় ব্যক্তিরা জানান, গতকাল শনিবার সকাল থেকেই ব্যবসায়ীরা মালপত্র সরিয়ে নেওয়া শুরু করেন। গত বৃহস্পতিবার বাজারের একটি মোবাইল ফোনের দোকান লুট করে দুর্বৃত্তরা। তাই গত শুক্রবার ওই এলাকার বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল।শিবগঞ্জ বাজারের রনি গার্মেন্টসের মালিক আবু তাহের বলেন, লোকমুখে শোনা যাচ্ছে বাজারে হামলা হতে পারে। সেই আশঙ্কায় তিনি দুপুরে দোকানের সব মালপত্র ভ্যানে করে বাড়িতে নিয়ে রেখেছেন।শিবগঞ্জ বাজারের বড় কাপড়ের দোকান মনোয়ার গার্মেন্টস। মালিক মনোয়ার হোসেন বলেন, শুক্রবার রাতে অজ্ঞাত কিছু লোক বাজারের নিরাপত্তাকর্মীদের এসে হুমকি দিয়ে গেছে। হুমকির কথা জানাজানি হওয়ার পর ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে মালামাল সরিয়ে নিচ্ছেন।বাজারের পরাগ গার্মেন্টস, বনি গার্মেন্টস, শহীদুল কম্পিউটার ও মোবাইলসহ ৩০টির বেশি দোকান থেকে বিকেল পর্যন্ত ব্যবসায়ীরা মালামাল সরিয়ে নিয়েছেন। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জেড এম সার্জিল হাসান বলেন, ‘কিছু দোকানদার মালামাল সরিয়ে নিয়েছেন। তবে আমরা তাঁদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করছি।’