দোতলা বাড়ির একাংশসহ ১৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীতে রূপনগর খালের মধ্যে থাকা দোতলা বাড়ির একাংশ গতকাল রোববার ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া খাল দখল করে গড়ে ওঠা আরও প্রায় দেড় শ অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়।গতকাল ছিল রূপনগর খাল উদ্ধার অভিযানের দ্বিতীয় দিন। প্রথম দিনে শনিবার প্রায় ২০০ অবৈধ স্থাপনা ভাঙা হয়। ঢাকা ওয়াসা এ অভিযান চালাচ্ছে।দোতলা বাড়ির একাংশ ভাঙার বিষয়ে অভিযানে নেতৃত্ব দেওয়া ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী ওয়াসিউদ্দিন প্রথম আলোকে বলেন, ওই বাড়ির মালিক মুসলিমউদ্দিন বা তাঁর কোনো প্রতিনিধিকে ঘটনাস্থলে খুঁজে পাওয়া যায়নি। তাঁদের পক্ষ থেকে কেউ বাধাও দিতে আসেননি।গতকাল উচ্ছেদ করা স্থাপনার মধ্যে ১০টির মতো আধাপাকা ও টিনশেড ঘর ছিল। বাকিগুলো টংঘর ও বস্তিঘর। অভিযান শুরুর পর বিভিন্ন বস্তিঘরের নারী-শিশুরা কান্নায় ভেঙে পড়ে। দিনভর চলা এই অভিযান দেখতে জড়ো হয় শত শত মানুষ।দুপুরে ওয়াসার এস্কক্যাভেটর একটি স্থাপনা ভাঙার উদ্যোগ নিলে রহমতউল্লাহ নামের এক ব্যক্তি দাবি করেন, তাঁর ওই স্থাপনা অবৈধ নয়। তবে ওয়াসার দাবি, স্থাপনাটি খালের জায়গায় নির্মিত। এরপরও তিনি উচ্ছেদে বাধা দিলে তাঁকে আটক করে বেঁধে রাখা হয়। তবে অভিযান শেষ করার আগেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। শনিবার এস্কক্যাভেটরের চালককে নামানোর চেষ্টা করায় জামালউদ্দিন বাবুর্চি নামের এক ব্যক্তিকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছিল।অভিযানে অংশ নেওয়া ওয়াসার নির্বাহী প্রকৌশলী শেখ মো. রুহুল আমিন জানান, সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের রূপনগর খালের প্রায় ৩০০ মিটার অংশে গতকাল অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশের ৩০ জন সদস্য ও ৫০ জন শ্রমিক অংশ নেন।বাজেট আট কোটি টাকা: ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান গতকাল প্রথম আলোকে বলেন, বিগত বছরগুলোতে খালে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের কিছুদিনের মধ্যেই খাল আবার দখল হয়ে যেত। কারণ খাল উদ্ধারের পর বৃক্ষরোপণ বা পাড় বাঁধাইয়ের মতো কর্মসূচি নেওয়া হতো বেশ বিরতি দিয়ে। বিষয়টি মাথায় রেখে ওয়াসা এবার সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা করেছে। এবার অভিযান শুরুর পর গত তিন মাসে কল্যাণপুর, রামচন্দ্রপুর, কাটাসুর খালের জায়গা নতুন করে দখল হয়নি দাবি করে তিনি বলেন, রাজধানীর খালগুলো দখলমুক্ত ও পরবর্তী কর্মসূচি গ্রহণ বা পুনর্বাসনের জন্য সরকার আট কোটি টাকা বরাদ্দ দেয়। এ টাকায় কিছু খালে পুনর্বাসন কাজও চলছে।