দোতলা ভবনের ছাদ দেবে গেছে, রোগীরা আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর জেনারেল হাসপাতালের পুরোনো দোতলা ভবনের নিচতলার বারান্দার ছাদে ফাটল বাঁশের খুঁটি দিয়ে সাময়িকভাবে ঠেকিয়ে রাখা হয়েছে। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
যশোর জেনারেল হাসপাতালের পুরোনো দোতলা ভবনের নিচতলার বারান্দার ছাদে ফাটল বাঁশের খুঁটি দিয়ে সাময়িকভাবে ঠেকিয়ে রাখা হয়েছে। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের দোতলা ভবনের একতলার বারান্দার ছাদের বেশ কিছু অংশ দেবে গেছে। বাঁশের খুঁটি দিয়ে ওই অংশ ঠেকিয়ে রাখা হয়েছে। এতে রোগী ও স্বজনেরা ছাদ ধসে পড়ার আতঙ্কে আছেন।

এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম কামরুল ইসলাম বলেন, ‘ভবনটি ১৯৬০ সালে নির্মাণ করা হয়। এরপর ২০০৭ ও ২০১৩ সালে সংস্কার করা হয়। ৩০ জুলাই ভবনের জরাজীর্ণ অংশটি আমাদের নজরে আসে। তখন জরুরি ভিত্তিতে ভবনটি মেরামত ও সংস্কার করার জন্য গণপূর্ত বিভাগের যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে চিঠি পাঠানো হয়। এরপর গণপূর্ত বিভাগ থেকে বাঁশের ঠেকনা দেওয়া হয়।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন আর ঝুঁকি নেই। রোগীদের অন্যত্র সরিয়ে নিতে হবে না।

গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের জরুরি বিভাগের উল্টো দিকে দোতলা পুরোনো ভবন। সেখানে পুরুষ সার্জারি, নারী মেডিসিন ও গাইনি ওয়ার্ড রয়েছে। ৩টি ওয়ার্ডে ১৫০ জন রোগী ভর্তি রয়েছে। এই ভবনের নিচতলায় পুরুষ সার্জারি ওয়ার্ডের বারান্দায় শৌচাগারে ঢোকার মুখে ছাদে ফাটল রয়েছে। ওপরের দেয়াল দেবে গেছে। এর চাপে বারান্দার কয়েকটি গ্রিল বেঁকে গেছে। ওই অংশে বাঁশের ঠেকনা দেওয়া হয়েছে। বাঁশের সঙ্গে সতর্কতামূলক সাইনবোর্ড ঝোলানো রয়েছে। তাতে লেখা: সতর্ক সংকেত, রোগীসহ রোগীর লোকজন বাথরুমে (শৌচাগার) যাবেন বাঁ পাশ দিয়ে। কারণ ডান পাশ ঝুঁকিপূর্ণ।

ওয়ার্ড বয় শামছুর রহমান বলেন, ‘১০-১২ দিন আগে বারান্দার ওই ছাদে ফাটল দেখা দেয়। ছাদ দেবে বারান্দার কয়েকটি গ্রিল বেঁকে যায়। তখন হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর গত শনিবার গণপূর্ত বিভাগের লোকজন বাঁশের ঠেকনা দিয়ে গেছেন। কিন্তু এরপর থেকে আমরা আতঙ্কে আছি।’

এক রোগীর স্বজন শাহনাজ বেগম বলেন, ‘বারান্দার দিকে ধস নামলেও আমরা ভয়ে ভয়ে থাকি। কারণ একই ছাদ। তা-ও আবার প্রায়ই পলেস্তারা খসে পড়ে। কখন জানি ভবনের ছাদ ভেঙে হুড়মুড় করে আমাদের মাথার ওপর পড়ে।’

দোতলা গিয়ে দেখা গেছে, সেখানে নারী মেডিসিন ও গাইনি ওয়ার্ড। মেডিসিন ওয়ার্ডে ১৪ শয্যার বিপরীতে ৭৪ জন ও গাইনি ওয়ার্ডে ১২ শয্যার বিপরীতে ২৭ জন রোগী ভর্তি রয়েছে। রোগীদের সঙ্গে স্বজনেরা রয়েছেন।

রোগী ওয়াহিদা বেগম বলেন, ছাদ থেকে প্রায় সব সময় সিমেন্ট-বালু ঝরে পড়ছে। নিচে বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা আর ওপরে এত মানুষে ঠাসা। কখন ভেঙে পড়ে কে জানে।

নার্স সুইট মণি বলেন, ‘ছাদ ধসে পড়ছে। দেখছি। কিন্তু কিছু করার নেই। সরকারি চাকরি করি। ইচ্ছা করলেই ভয়ে ছেড়ে চলে যেতে পারছি না। তা ছাড়া মেডিসিন ওয়ার্ডে রোগীর চাপ সবচেয়ে বেশি। এখানে ১৪টি শয্যা রয়েছে। কিন্তু ৭৪ জন রোগী ভর্তি। রোগী বেশি তাতে তেমন সমস্যা না। সমস্যা হচ্ছে, অতিরিক্ত দর্শনার্থী।’