দোতারার সুরে চলে সংসার
চায়ের দোকানের ভেতরে ছোট্ট জটলা। টুং টাং শব্দ ভেসে আসছে। কাছে যেতেই ভেসে এল গান, ‘গ্রামের নও জোয়ান হিন্দু মুসলমান মিলিয়ে বাউলা গান আর মুর্শিদি গাইতাম/ আগে কী সুন্দর দিন কাটাইতাম।’
কাছে গিয়ে দেখা গেল, শিল্পী ও তাঁর সহযোগীকে ঘিরে আছে ২০ থেকে ২৫ জন বিভিন্ন বয়সী মানুষ। কেউ কেউ আবার মুঠোফোনে ভিডিও ধারণ করছেন।
তালিম না নিলেও গলা ছেড়ে গান আর দুই হাতের আঙুলের সাহায্যে সুর তোলা এই শিল্পীর নাম বাপ্পী বিশ্বাস। তাঁর সঙ্গে প্রেমজুড়ি বাজাচ্ছিলেন স্ত্রী সাথী খাতুন।
গতকাল রোববার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে তাঁদের দেখা গেল। সে সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কে নানা লোকের আনাগোনা। জরুরি কাজ থাকলেও দোতারা বাজানোর ভঙ্গি ও সুর শুনে নিজেকে আর সামলাতে পারলাম না।

কথা হলো তাঁদের সঙ্গে। জন্ম থেকে দৃষ্টিপ্রতিবন্ধী বাপ্পী বিশ্বাস। বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামে। এই দম্পতির সংসারে দুই ছেলেমেয়ে আছে। তারা দুজনই প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। অভাবের সংসার চালাতে স্বামী-স্ত্রী দুজনই বেছে নিয়েছেন প্রিয় দোতারা আর প্রেমজুড়ি। বাজিয়ে আর গান গেয়ে যা পান, তা-ই দিয়ে চলে সংসার।প্রতিদিন এলাকার বিভিন্ন পথে, চায়ের দোকানে, হাটবাজারে বা কোনো গাছের ছায়ায় দাঁড়িয়ে বাপ্পী বিশ্বাস পথচারীদের গান শোনান। দর্শকদের খুশি করে যে অর্থ পান, তা-ই দিয়ে সংসার চলে।
বাপ্পী বিশ্বাসের গান শুনে সেখানে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীসহ কয়েকজন মুঠোফোনে তা ধারণ করেন। অনেকে দু-পাঁচ টাকা করে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।
ভিক্ষা নয়, মানুষদের একটু আনন্দ দিয়ে টাকা উপার্জন করছেন। চালাচ্ছেন সংসার। এতেই আনন্দ বলে জানালেন সাথী খাতুন।
প্রচণ্ড গরমে গান গাইতে গিয়ে দরদর করে ঘেমে যাচ্ছেন বাপ্পী বিশ্বাস। স্ত্রী সাথী ওড়না দিয়ে মুখ মুছিয়ে দিলেন।
চায়ের দোকানে বসে তিন থেকে চারটি গান গাইলেন বাপ্পী আর সাথী। এরপর ছুটে গেলেন আরেক জায়গায়। আমিও কুষ্টিয়ার দিকে রওনা দিলাম।দোতারা বাজানো কীভাবে শিখেছেন জানতে চাইলে বাপ্পী বিশ্বাস বললেন, এটা শুনে শুনেই মনের ভেতর একটা তাল চলে আসত। সেই থেকে বাজানোর চেষ্টা শুরু করেন। আস্তে আস্তে সুর তুলে ফেলেন।