মনোনয়নপত্র দাখিল করলেও নির্বাচন কমিশনের শর্তের কারণে প্রার্থীরা ২৬ মের আগে আনুষ্ঠানিক প্রচারণায় নামতে পারছেন না। তার পরও বসে নেই কেউই। ভোটারদের দোয়া-আশীর্বাদ নেওয়ার জন্য পাড়া-মহল্লা ঘুরে, কখনো বাড়ি বাড়ি গিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা।
নির্বাচনে এবার মেয়র পদে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের মহানগর সভাপতি বিদায়ী মেয়র তালুকদার আবদুল খালেক, বিএনপির মহানগর সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, বিএনপির জেলা সাধারণ সম্পাদক শফিকুল আলম, বিএনপির নগর উপদেষ্টামণ্ডলীর সদস্য জাফর উল্লাহ খান, জাতীয় পার্টির জেলা সভাপতি শফিকুল ইসলাম ও মুসলিম লীগের খুলনা মহানগর শাখার সভাপতি শেখ সিরাজুল ইসলাম।
এ ছাড়া ৩১ ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী আছেন ২৩৫ জন।
নগরের টুটপাড়া এলাকার বাসিন্দা মনির হোসেন বলেন, কোনো মেয়র পদপ্রার্থীর সঙ্গে এখনো তাঁর দেখা হয়নি। তবে কাউন্সিলর পদপ্রার্থী কয়েকজন এরই মধ্যে তাঁর বাসায় এসেছেন। দোয়া চেয়ে ভোটের সময় কাজ করার অনুরোধ করেছেন তাঁরা।
নগরের গোবরচাকা এলাকার মাসুম শেখ বলেন, ‘মেয়র পদপ্রার্থী মনিরুজ্জামানের সঙ্গে একবার দেখা হয়েছে। কোনো অসুবিধা থাকলে জানাতে বলেছেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক একই এলাকার একাধিক বাসিন্দা জানান, প্রার্থীরা দোয়া-আশীর্বাদ নেওয়ার জন্য আসা শুরু করেছেন। অথচ গত পাঁচ বছরে কোনো কাজের জন্য গেলে তাঁদের কথা বলার সময় হতো না। এখন না ডাকতেই পাওয়া যাচ্ছে। একেই বলে নির্বাচনের সময়। মেয়র পদপ্রার্থী আবদুল খালেক বলেন, ‘নগরের ৩১টি ওয়ার্ডের নাগরিকদের কাছে আমাকে নতুন করে চেনানোর প্রয়োজন নেই। তারা গত পাঁচ বছর আমাকে পথেঘাটে দেখেছে। এখন তাদের কাছে গিয়ে দোয়া ছাড়া আর কিছু চাওয়ার নেই।’
আরেক প্রার্থী মনিরুজ্জামান বলেন, ‘বিভিন্ন ওয়ার্ডে গিয়ে উঠানবৈঠক ও জনসংযোগ করছি। ২৬ মের পর পুরোদমে প্রচারণায় নামব।’
জাতীয় পার্টির জেলা সভাপতি ও প্রার্থী শফিকুল ইসলাম জানান, ‘২৬ মের আগে নির্বাচনী প্রচারণায় নামতে পারছি না। তবে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ঘরোয়াভাবে মতবিনিময় ও দোয়া-আশীর্বাদ চেয়ে সময় কাটাচ্ছি।’