দোয়া নিতে মহিউদ্দিনের বাসায়
শপথ নেওয়ার পর প্রথমেই নগরকে পরিচ্ছন্ন করার উদ্যোগ নেবেন চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন। গতকাল বুধবার বিকেলে জিইসি মোড়ে একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
চট্টগ্রামের নতুন এই নগরপিতা (বেসরকারিভাবে নির্বাচিত) জানান, তাঁর প্রথম কাজ হবে চট্টগ্রামকে আবর্জনামুক্ত করা। এই কাজটাকে প্রথম হিসেবে বেছে নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘আবর্জনায় ভরে গেছে চারদিক। চট্টগ্রাম শহরে মানুষের এই মুহূর্তের সবচেয়ে বেশি বিড়ম্বনার কারণ হচ্ছে আবর্জনা। নালা-নর্দমাগুলো যদি আবর্জনামুক্ত হয় তাতে বৃষ্টি হলে পানি জমবে কম।’
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের পরিকল্পনা সম্পর্কে আ জ ম নাছির জানান, এই সমস্যা নিরসন করতে হলে কী করতে হবে তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বসবেন তিনি। বিদায়ী মেয়রের জলাবদ্ধতা নিয়ে কিছু প্রকল্প রয়েছে, সেগুলো অব্যাহত রাখবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘প্রয়োজন হলে রাখা হবে। কিন্তু এই মুহূর্তে নির্দিষ্ট করে কিছু বলা যাবে না। বিশেষজ্ঞ, প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদদের নিয়ে সমন্বয় না করলে, শুধু প্রকল্প বাস্তবায়ন করলে কিছুই হবে না।’ সার্বিক উন্নয়নের খাতিরে সেবা প্রতিষ্ঠানগুলোর কাজেও সমন্বয় করারও চেষ্টা করবেন তিনি।
এদিকে গতকাল দুপুর ১২টায় নগরের প্রিয়া কমিউনিটি সেন্টারে আ জ ম নাছির উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাংসদ হাছান মাহমুদ হাতি নিয়ে সেখানে যান। সেই হাতি শুঁড় তুলে নতুন মেয়রকে অভিবাদন জানায়।
সংবর্ধনার জবাবে আ জ ম নাছির বলেন, ‘আমি সেবক হিসেবে কাজ করে যেতে চাই, নগরের উন্নয়ন করতে চাই, নগরবাসী যে সম্মান ও দায়িত্ব আমাকে দিয়েছেম তা আমি অক্ষরে অক্ষরে পালন করব।’
হাছান মাহমুদ বলেন, উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে। অথচ এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি শুরু থেকে মিথ্যা বানোয়াট অভিযোগ করে আসছে।
মহিউদ্দিনের বাসায় নাছির: গতকাল বিকেলে নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন দোয়া চাইতে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নগরের চশমাহিলের বাসায় যান। এ সময় উত্তরসূরির মুখে মিষ্টি তুলে দিয়ে মহিউদ্দিন চৌধুরী বললেন, ‘নগরপিতার কাজকর্ম ও পরিকল্পনা মিষ্টির মতো মধুর হোক।’
এ সময় সাংবাদিকদের আ জ ম নাছির বলেন, ‘মহিউদ্দিন চৌধুরী দীর্ঘদিন মেয়রের দায়িত্ব পালন করেছেন। আমরা একসঙ্গে রাজনীতি করি। দায়িত্বপালনকালে তাঁর অভিজ্ঞতা কাজে লাগাব। তাঁর পরামর্শ ও উপদেশ নিয়ে কাজ করব।’
মহিউদ্দিন চৌধুরী নতুন মেয়রকে শিক্ষা খাতকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘এখানে নতুন নতুন স্কুল-কলেজ প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষার প্রসার হলে জাতিও উন্নত হবে।’
মহিউদ্দিনের বাসায় আ জ ম নাছির উদ্দিন ঘণ্টা খানেক উপস্থিত ছিলেন।