দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী সংকটের কারণে প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। এখানে ১০ বছর আগে ২৫ লাখ টাকা দামের একটি আধুনিক অ্যাম্বুলেন্স দেওয়া হলেও চালক নেই। ফলে এটি এলাকাবাসীর কোনো উপকারে আসছে না।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা জানিয়েছেন, ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ‘সৌজন্যে’ দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়। কিন্তু চালক না থাকায় এটি এলাকাবাসীর কোনো উপকারে আসছে না। একজন চালকের জন্য বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো ফল পাওয়া যায়নি। তাই ঘুরছে না অ্যাম্বুলেন্সের চাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুধু অ্যাম্বুলেন্সই সমস্যা নয়, দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসক, সেবিকা, কর্মকর্তা ও কর্মচারীর সংকট রয়েছে। এখানে চিকিৎসকের পদ রয়েছে ১৬টি। আছেন মাত্র চারজন। উপজেলার সাতটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সাতজন চিকিৎসা কর্মকর্তা থাকার কথা থাকলেও সব কটি পদই শূন্য রয়েছে। ১০৮ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৪৮টি পদ খালি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচারের সব ব্যবস্থা থাকলেও শুধু চিকিৎসকের অভাবে তা হয় না। স্বাস্থ্য কমপ্লেক্সে একটি আধুনিক এক্স-রে যন্ত্র থাকলেও রেডিওগ্রাফারের পদ আট বছর ধরে শূন্য থাকায় সেটিও ব্যবহার করা যাচ্ছে না। ৩১ শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসে।
উপজেলা সদরের বাসিন্দা সফিকুল ইসলাম বলেন, জরুরি ও বহির্বিভাগে গিয়ে চিকিৎসকের দেখা পায় না লোকজন। বাধ্য হয়ে লোকজনকে সুনামগঞ্জ অথবা সিলেটে চিকিৎসার জন্য যেতে হয়। দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন ভূঁইয়া বলেন, ‘অ্যাম্বুলেন্সের চালক আর রেডিওগ্রাফারের জন্য অনেক লেখালেখি করেছি। মাঝখানে কিছুদিন একটি প্রকল্পের মাধ্যমে একজন চালক দিয়ে অ্যাম্বুলেন্সটি চালানো হয়েছে। এখন আরেকটি সংস্থার সঙ্গে কথা হচ্ছে। আশা করি, কিছুদিনের মধ্যে একটা ব্যবস্থা হবে। এ ছাড়া আমরা মাসিক প্রতিবেদনে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীর পদ শূন্য থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে থাকি।’