দোররা মারা ও চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৭
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের নওগাঁও গ্রামে এক স্কুলছাত্রীকে দোররা মারার ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পুলিশের দায়ের করা মামলার ১৫ আসামির মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।এদিকে দোররা মারা-সংক্রান্ত খবর সংগ্রহ করার সময় প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধিসহ চারজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: স্থানীয় দরগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুর রাজ্জাক (৫৩), গ্রাম্য মাতবর আবদুস সাত্তার (৬১), বাবুল হোসেন ওরফে আবু সাঈদ (৪৬), বাচ্চু মিয়া (৬০), আবদুল কাদের (৪৫) ও আবদুল হাকিম। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৩১)। তাঁদের সবার বাড়ি নওগাঁও গ্রামে।প্রসঙ্গত, মাস দুয়েক আগে নওগাঁও গ্রামের দীনেশ চন্দ্র নামের এক যুবককে এক স্কুলছাত্রী পালিয়ে বিয়ে করে। এ ঘটনায় গত বুধবার স্থানীয় আজু মাতব্বরের বাড়িতে সালিস বসে। সালিসে ওই ছাত্রীকে ১০১টি দোররা মারা হয়। এ ছাড়া ওই ছাত্রীর পরিবারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। দরগ্রাম ইউপি সদস্য আবদুর রাজ্জাক, গ্রাম্য মাতবর বাবুল হোসেন, আবদুস সাত্তার, বাচ্চু মিয়া ও তুলু হোসেন এ শাস্তি ও জরিমানা করেন।বিষয়টি জানার পর বৃহস্পতিবার প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আবদুল মোমিন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের মানিকগঞ্জ প্রতিনিধি মঞ্জুর রহমান, ইনকিলাব-এর সাটুরিয়া উপজেলা প্রতিনিধি সোহেল রানা ও ভোরের ডাক-এর উপজেলা প্রতিনিধি মোতালেব হোসেন সংবাদ সংগ্রহের জন্য ওই ছাত্রীর বাড়িতে যান। ওই সময় ইউপি সদস্য আবদুর রাজ্জাকের ছেলে মো. শিপলু, মৃত রমজান আলীর ছেলে শফিকুল ইসলাম, শিপলুর বন্ধু সোহরাব হোসেনসহ ২৫-৩০ জন তাঁদের ওপর হামলা চালায়।সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তার করা হবে।