দোররা মারার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার
রাজশাহীর তানোর উপজেলায় গ্রাম্য সালিসে ফতোয়াবাজদের দোররার আঘাতে আহত গৃহবধূর মৃত্যুর ঘটনায় করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে উপজেলার কচুয়া গ্রামের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাজ্জাদ হোসেন (৪৫) ও মেহেরজান (৪০)। মামলার তদন্ত কর্মকর্তা ও তানোর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ বলেন, দুই আসামিকে গতকাল রোববার সকালে রাজশাহীর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। পাঁচ আসামি এখনো পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অবৈধ সম্পর্কের অভিযোগ এনে গত ১২ নভেম্বর কচুয়া গ্রামে সালিসে গৃহবধূ সুফিয়া ও তাঁর সতীনের এক ছেলেকে ৪০ ঘা করে দোররা মারা হয়। এতে সুফিয়া অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ১৪ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় গত শনিবার মামলা করেন সুফিয়ার ভাই তৈমুর রহমান।