১০১ দোররা মারার বিধান শরিয়তে নেই, এটা নিছক গ্রাম্য সালিস। ফতোয়ার নামে যে গ্রাম্য সালিস চলছে, তা ইসলাম-সমর্থিত নয়। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সেমিনারে ইসলামি আইনজ্ঞরা (মুফতি) এ মন্তব্য করেন। ফতোয়া ও দোররা মারা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের আহ্বায়ক গওহরডাঙ্গা মাদ্রাসার অধ্যক্ষ মুফতি রুহুল আমিন। তাঁর সভাপতিত্বে সেমিনারে মূল বক্তব্য পাঠ করেন মুফতি আব্দুল মালেক। এ ছাড়া বিভিন্ন মুফতি-আলেম বক্তব্য দেন। দোররা মারা কেন ইসলামবিরোধী—কোরআন, হাদিস ও বিভিন্ন প্রামাণ্যগ্রন্থের বরাত দিয়ে এর ব্যাখ্যা দেন মুফতিরা। তাঁরা বলেন, দোররা মারা কোনো ইসলামি বিধান নয়, এটা গ্রাম্য সালিস। অজ্ঞতার কারণে মানুষ এটা মেনে নিতে বাধ্য হয়।সেমিনারে ‘ফতোয়া গ্রহণে সতর্কতা’ শীর্ষক একটি ঘোষণাপত্র উপস্থাপন করা হয়। তাতে বলা হয়, যেখানে-সেখানে চাইলেই দাড়ি-টুপি পরিহিত ব্যক্তিরা ফতোয়া দিতে পারবেন না। শুধু মুফতি সনদধারী অথবা দারুল ইফতা থেকে ফতোয়া সংগ্রাহকেরা এর প্রয়োগ করবেন।সেমিনারে ফতোয়ার অপব্যবহার রোধ করতে মুফতিদের সমন্বয়ে জাতীয় ফতোয়া বোর্ড গঠন করে জেলা ও উপজেলা পর্যায়ে তা কার্যকর করার সুপারিশ করা হয়। বিজ্ঞপ্তি।