দোলনকে হত্যা করেছে কথিত প্রেমিক নবী
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর উচ্চবিদ্যালয়ের ছাত্রী দোলনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। গতকাল সোমবার তার কথিত প্রেমিক নবী হোসেন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে এই দায় স্বীকার করেছে। নবী নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে এ ঘটনার বর্ণনাও দেয়।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ আলী জানান, হত্যার শিকার দোলন আক্তার উপজেলার সাদিপুর উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করত। এ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আটক নবী হোসেন গতকাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম আশরাফ জিলানীর আদালতে স্বীকারোক্তিমূলক জবাববন্দি দেয়। সে বিচারককে বলে, দোলনের সঙ্গে তার প্রেম ছিল। ১ জানুয়ারি সে দোলনের বাড়িতে যায়। সে সময় বাড়িতে কেউ ছিল না। নবী দোলনের ঘরে ঢুকে ধর্ষণ করে ও তার সঙ্গে পালিয়ে বিয়ে করতে বলে। দোলন এতে রাজি না হওয়ায় তাকে একটি কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।ওসি জানান, দোলনের মা ভিক্ষা করে তাঁর মেয়েকে পড়াশোনা করাতেন।