দোলনা থেকে চুরি, সেপিটক ট্যাংক থেকে উদ্ধার
দোলনায় ঘুম পাড়িয়ে রেখে মাত্র ১০ মিনিটের জন্য বাথরুমে গিয়েছিলেন মা নাজমা খাতুন। ফিরে এসে দেখেন তাঁর আদরের শিশু সামিয়া রহমান দোলনায় নেই। দোলনা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে মাত্র ২৬ দিন বয়সের শিশুটিকে। পরদিন সেপিটক ট্যাংকের মধ্যে পাওয়া গেছে লাশ। সামিয়া ঝিনাইদহ শহরের পূর্ব আরাবপুর এলাকার আনিচুর রহমানের দ্বিতীয় কন্যা। সামিয়ার মা নাজমা খাতুন জানান, সোমবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার জন্য তাঁর স্বামী বাড়ির পাশের একটি মসজিদে যান। সে সময় তাঁর বড় মেয়ে ঘরের মধ্যে খাটের ওপর ঘুমানো ছিল। আর কোলের মেয়েটি ঘুমিয়ে ছিল তাঁর কোলেই। তাঁর বাথরুমে যাওয়ার প্রয়োজন হলে তিনি শিশুটিকে ঘরের মধ্যে দোলনায় রেখে বাথরুমে যান। এ সময় বিদ্যুত্ বন্ধ হয়ে যায়। তিনি ঘরে ফিরে এসে দেখেন দোলনায় বাচ্চাটি নেই।নাজমা খাতুন জানান, দোলনায় বাচ্চাটি না দেখে তিনি হতবাক হয়ে যান। বাড়ির অন্যদের জানানোর পর সবাই মিলে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। সামিয়ার চাচা আবদুস সামাদ জানান, সোমবারই তাঁরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানান। মঙ্গলবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী এলাকা তল্লাশিকালে ডিবি পুলিশের এক সদস্য বাড়ির পাশের একটি পায়খানার সেপিটক ট্যাংক কিছুটা খোলা দেখে সন্দেহ করেন। এরপর এগিয়ে দেখতে পান ট্যাংটির পাশে একটি কাঁথা পড়ে আছে। কাঁথাটি বাচ্চার মাকে দেখানোর পর তিনি শনাক্ত করেন এই কাঁথা বাচ্চাটির গায়ে ছিল। পুলিশ ট্যাংকটি তল্লাশি করে শিশুটির লাশ উদ্ধার করে। পরিবারের সদস্যরা জানান, তাঁরা এখনো বুঝতে পারছেন না কী কারণে এই শিশুটিকে হত্যা করা হলো। তাঁদের কোনো শত্রু থাকতে পারে, এটা ভাবতে পারছেন না। নাজমা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আদরের ফুটফুটে বাচ্চাটি কার কী ক্ষতি করেছিল, তা জানতে চাই।’ আবদুস সামাদ জানান, বিষয়টি নিয়ে তাঁরা ইতিমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিয়মিত মামলা করবেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান জানান, এখনো তাঁরা পরিষ্কার নয় কী কারণে শিশুটিকে হত্যা করা হলো। তবে পারিবারিক কোনো বিষয় থাকতে পারে বলে অনুমান করছেন। তাঁরা জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় এনেছেন, তবে এখনো কাউকে আটক করা হয়নি।