দোলনাটি আর দুলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভাব-অনটন থাকলেও সুখের কমতি ছিল না সাফিনা বেগম ও বকুল হোসেনের সংসারে। এর মধ্যে নতুন খুশি নিয়ে আসে তাঁদের মেয়ে। ঘর আলো করে এই দম্পতির ঘরে চার মাস আগে জন্ম নেয় ফুটফুটে এক কন্যাসন্তান। তাঁদের এক ছেলেও রয়েছে। মা-বাবা আদর করে মেয়ের নাম রাখেন মোসলেমা। দোলনা কেনার সামর্থ্য না থাকলেও পেশায় দিনমজুর বাবার মন কী আর মানে! নিজ হাতে মেয়ের জন্য বাঁশ আর দড়ি দিয়ে একটি দোলনাও তৈরি করেন।

সেই দোলনাতেই ফাঁস লেগে মারা গেল মোসলেমা। গতকাল শনিবার দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের বাসুলী গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটির দাদি মছিনা বেগম জানান, প্রতিদিনের মতো শনিবার দুপুরে শিশুটিকে শোয়ার ঘরে রশির দোলনায় মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে সাফিনা গরুর জন্য ঘাস আনতে মাঠে গিয়েছিলেন। সঙ্গে গিয়েছিল ছেলে ইয়ামিন। ইয়ামিন বোনকে খুব পছন্দ করত। একটু পর পর ছুটে গিয়ে বোনকে দেখে না এলে তার ভালো লাগত না। বোনকে সে চোখের আড়াল করতে চাইত না। মায়ের সঙ্গে মাঠে গিয়েও বোনকে সে ভোলেনি। ফেরার সময় মাকে পেছনে ফেলেই আগেই বাড়ি ঢুকে ইয়ামিন। দৌড়ে বোনকে দেখতে যায়। দেখে বোনের মাথা দোলনায় আটকে আছে। সাফিনা বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে ইয়ামিন বোনের কথা মাকে জানায়। সাফিনা ঘরে গিয়ে দেখেন মেয়ের মাথা দোলনার ফাঁকে আটকে গিয়ে গোটা শরীর ঝুলে আছে। ঘড়িতে তখন বেলা দেড়টা। ততক্ষণে মোসলেমা মারা গেছে।

এ দৃশ্য দেখতে পেয়ে মা সাফিনা হতবুদ্ধি হয়ে যান। খবর পেয়ে শহরে কাজ করতে যাওয়া বাবাও ছুটে আসেন। মেয়ে হারিয়ে দুজনই এখন পাগলপ্রায়।

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামসুদ্দোহা জানান, শ্বাসরোধ হয়ে শিশুটি মারা গেছে।