দোলাইরপাড়ে সড়ক বেহাল দুর্ভোগে কাহিল এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দোলাইরপাড় বাসস্ট্যান্ড থেকে ওয়াসার পানির পাম্প পর্যন্ত সড়কের সংস্কার হয়নি। সড়কটি তাই পরিণত হয়েছে অনেকটা মাটির সড়কে। একটু বৃষ্টির সঙ্গে যানবাহনের অতিরিক্ত চাপে এ দশা হয় সড়কটির। গতকাল ছবিটি তুলেছেন হাসান রাজা
দোলাইরপাড় বাসস্ট্যান্ড থেকে ওয়াসার পানির পাম্প পর্যন্ত সড়কের সংস্কার হয়নি। সড়কটি তাই পরিণত হয়েছে অনেকটা মাটির সড়কে। একটু বৃষ্টির সঙ্গে যানবাহনের অতিরিক্ত চাপে এ দশা হয় সড়কটির। গতকাল ছবিটি তুলেছেন হাসান রাজা

রাস্তাটি সম্প্রতি নতুন করে সংস্কার করা হয়েছে। রাস্তা উঁচু করার পাশাপাশি নর্দমাও সংস্কার করা হয়েছে। কিন্তু ১০০ মিটারের মতো রাস্তা সংস্কার না করার ফলে এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পাশে অবস্থিত দনিয়া ইউনিয়নের গোয়ালবাড়ি মোড় থেকে দোলাইরপাড় বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তাটির এমন অবস্থা। গোয়ালবাড়ি মোড় থেকে পূর্ব দোলাইরপাড় বাজার পর্যন্ত রাস্তার কাজ করা হয়। অথচ ওয়াসার পানির পাম্প অংশ থেকে দোলাইরপাড় বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার সংস্কার করা হয়নি। সংস্কার না করা অংশটুকু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন।
এক পশলা বৃষ্টিতেই কাদাপানিতে একেবারে হাঁটার অনুপযোগী হয়ে পড়ে রাস্তার এই অংশটি। খানাখন্দে ভরা এই অংশে প্রতিদিনই ঘটছে ছোটখাটো নানা দুর্ঘটনা। এসব কারণে রাস্তার এই অংশে দিনের ব্যস্ত সময়ে যানজট লেগে থাকে। এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা হওয়ায় এই যানজট আশপাশের রাস্তাগুলোতে ছড়িয়ে পড়ে।
দনিয়া ইউনিয়ন কার্যালয়ের পাশে অবস্থিত দোকানদার ইদ্রিস মিয়া বলেন, দনিয়া ইউনিয়ন কার্যালয় থেকে দোলাইরপাড় পর্যন্ত রিকশা ভাড়া ছিল পাঁচ টাকা। পরে হলো ১০ টাকা। রাস্তার ওই অংশটুকুর শোচনীয় দশার কারণে রিকশাওয়ালারা ২০ টাকায়ও যেতে রাজি হন না। আর শনির আখড়া থেকে গেলে ৩৫ টাকা লাগে। তিনি অবিলম্বে রাস্তাটি সংস্কার করার জন্য সিটি করপোরেশনের প্রতি অনুরোধ জানান।
মাত্র ১০০ মিটার রাস্তার বেহাল দশার কারণে নতুন করে রাস্তার সংস্কার করা হলেও এলাকাবাসী এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। এলাকার কয়েক লাখ বাসিন্দাকে প্রতিনিয়ত পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ।
মীর হাজীরবাগের বাসিন্দা আবদুর রাজ্জাকের ছেলে ও মেয়ে পড়ে দনিয়ার এ কে হাইস্কুলে। প্রতিদিন সকালে এই কাদাপানি মাড়িয়ে তাঁকে বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে হয়। তিনি এই প্রতিবেদককে বললেন, ‘ভাই, কিছু করেন। আর পারছি না।’
এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে দনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুম্মন মিয়া প্রথম আলোকে বলেন, ‘রাস্তার ওই অংশটুকু সিটি করপোরেশনের অধীন। রাস্তাটির দনিয়া ইউনিয়নের অংশের গোয়ালবাড়ি মোড় থেকে পূর্ব দোলাইরপাড় বাজার পর্যন্ত সংস্কার করেছি।’
যাত্রাবাড়ী-গুলিস্তান উড়ালসড়ক নির্মাণের কাজ শুরু হওয়ার পর থেকে এলাকার বাসিন্দারা যানজট এড়ানোর বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার শুরু করায় এর ওপর চাপ আরও বেড়ে যায়। শনির আখড়ার বাসিন্দা ও ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক জুবায়ের আহমেদ বলেন, উড়ালসড়ক নির্মাণের কারণে যাত্রাবাড়ীর যানজট প্রতিদিনই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ ছাড়িয়ে যায়। যাত্রাবাড়ীর এই যানজট পরিহারের জন্য পূর্ব দোলাইরপাড়ের এই রাস্তা ব্যবহার করতে হয়। রাস্তাটি পুরো সংস্কার না করার ফলে যানবাহনের চালকেরা ওই রাস্তা দিয়ে যেতে চান না। আবার রাস্তার এমন অবস্থা যে হেঁটে চলাচল করাও বেশ বিড়ম্বনার।
জানতে চাইলে ঢাকা-৫ আসনের সাংসদ সানজিদা খানম বলেন, ‘আমার নির্বাচনী এলাকার এই রাস্তাটি সংস্কারের জন্য ইতিমধ্যে দরপত্র হয়েছে। কার্যাদেশও দেওয়া হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। আশা করছি, সপ্তাহ খানেকের মধ্যে রাস্তার সংস্কারকাজ শুরু হবে।’