দোলাইরপাড়ে খাল দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দোলাইরপাড়ে এই খাল খনন ও সংস্কার করা হয় না দীর্ঘদিন। তার ওপর দুই পাশ দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ দোকানপাট। এতে খালটি নর্দমার চেহারা নিয়েছে  হাসান রাজা
দোলাইরপাড়ে এই খাল খনন ও সংস্কার করা হয় না দীর্ঘদিন। তার ওপর দুই পাশ দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ দোকানপাট। এতে খালটি নর্দমার চেহারা নিয়েছে হাসান রাজা

দেখে মনে হবে পুরোপুরি আবর্জনার ভাগাড়। কিছু অংশ মনে হবে সরু নর্দমা। গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকান। কিছু জায়গায় পারাপারের জন্য আছে বাঁশের সাঁকো। নোংরা ও অস্বাস্থ্যকর এ অবস্থা দুর্গন্ধের পাশাপাশি ছড়াচ্ছে রোগজীবাণু।
রাজধানীর পূর্ব দোলাইরপাড় বাস স্টপেজ থেকে দক্ষিণ কুতুবখালী বা যাত্রাবাড়ী-গুলিস্তান উড়ালসড়ক যে স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিশেছে, সে পর্যন্ত খালটির এমন করুণ দশা। এটি একসময় ধোলাইখালের সঙ্গে সংযুক্ত ছিল। বর্তমানে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এ খাল এলাকার পানিনিষ্কাশনের অন্যতম মাধ্যম।
খালের এ করুণ দশা এলাকাবাসীকে ভোগায় সারা বছর। সম্প্রতি খালের পূর্ব দোলাইরপাড় বাজারমুখী পাশের রাস্তাটি সংস্কার করা হয়েছে। অন্য পাশের দক্ষিণ কুতুবখালীমুখী রাস্তার দুরবস্থা বর্ণনাতীত। একপশলা বৃষ্টিতে পুরোপুরি হাঁটার অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি। এলাকার বাসিন্দা আবুল হাসান বলেন, ময়লা-আর্বজনা জমে খালের প্রশস্ততা ও গভীরতা কমে গেছে। পানির নিষ্কাশন সহজে হয় না। বৃষ্টিতে নোংরা পানি বাসাবাড়ি ও দোকানে ঢুকে পড়ে। শীতের দিনে নোংরা বদ্ধ পানির কারণে মশা-মাছির উপদ্রব বাড়ে।
খালের দুই পাশে রয়েছে নানা রকমের দোকান। চা-সিগারেটের দোকান থেকে শুরু করে কামারশালা, মনিহারি, ভাঙা জিনিস ক্রয়-বিক্রয়ের দোকান। এমনকি খাল দখল করে তৈরি হয়েছে রিকশার গ্যারেজ। পূর্ব দোলাইরপাড় বাজারের মুরগি, মাছ, মাংস ও সবজির অধিকাংশ দোকান গড়ে উঠেছে খালের ওপর।
বাজার করতে আসা পূর্ব দোলাইরপাড় এলাকার বাসিন্দা সাইফুল হোসেন খালের দুর্দশা সম্পর্কে বলেন, ‘প্রতিবার নির্বাচন এলে সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়। পরে আর কোনো খবর থাকে না। এ পর্যন্ত কোনোবার খালটি পুরোপুরি সংস্কার করা হয়নি। অথচ ডিএনডি এলাকার খাল সংস্কারের কথা গণমাধ্যমে শুনি।’
খালের পূর্ব দোলাইরপাড় অংশের কাছে রয়েছে এলাকার দুটি মসজিদ ও একটি কবরস্থান। বাইতুশ শরফ জামে মসজিদ ও বায়তুলস ফালাহ জামে মসজিদ। মসজিদ ও কবরস্থানে আসা মুসল্লিদের প্রতিবারই নোংরা পানি পার হয়ে যেতে হয়। দক্ষিণ কুতুবখালীর অংশে রয়েছে যাত্রাবাড়ী মাদ্রাসা। মাদ্রাসায় আসা শিক্ষার্থীদেরও দুর্ভোগ পোহাতে হয় প্রতিনিয়ত।
এর আগে বেশ কয়েক দফা উচ্ছেদ অভিযান পরিচালনা করে খালটি দখলমুক্ত করা হয়েছিল। ঢাকা জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘এটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীন। তারা (পাউবো) আমাদের বললে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারব।’
এ ব্যাপারে পাউবোর নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, ‘এটি ডিএনডি এলাকার আওতায় পড়েছে। ডিএনডি এলাকায় মোট এ ধরনের ১০০ কিলোমিটারের খাল রয়েছে। আমরা এ খালগুলো সংস্কার করে দুই পাশে হাঁটার রাস্তা তৈরির একটি প্রকল্প প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছিলাম। কিন্তু প্রকল্প অনুমোদন না হওয়ায় কিছু হচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘আমরা মাঝেমধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করি। তবে আবার আগের মতো দখল হয়ে যায়। এ ক্ষেত্রে উচ্ছেদ অভিযানের পর স্থায়ী স্থাপনা তৈরি করে দেওয়া গেলে পুনরায় এটি দখলের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।’