দোলাচলে বিএনপি প্রার্থীরা
পাবনার ৫ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত বিএনপির দলীয় টিকিটপ্রাপ্ত ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে আছেন জেলা জামায়াতের সেক্রেটারি, সাবেক সাংসদ, চলতি উপজেলা চেয়ারম্যানসহ কয়েকজন তরুণ নেতা। ফলে শেষ পর্যন্ত কে টিকবেন আর কে বাদ যাবেন, তা নিয়ে আশা–নিরাশায় দিন কাটছে প্রার্থীদের।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শেষ মুহূর্ত পর্যন্ত বিএনপির মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে পাবনা-১ (বেড়া-সাঁথিয়া) আসনে রয়েছেন সালাহ উদ্দিন খান, পাবনা-২ (সুজানগর ও বেড়ার একাংশ) সাবেক সাংসদ সেলিম রেজা হাবিব, দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাসান জাফির ও আবদুল হালিম, পাবনা-৩ (ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুর) আসনে সাবেক সাংসদ কে এম আনোয়ারুল ইসলাম, বিএনপির নেতা হাসাদুল ইসলাম ও চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসাদুল ইসলাম। পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সাংসদ সিরাজুল ইসলাম সরদার ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান। পাবনা-৫ (সদর) আসনে দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন।
মনোনয়নপত্র জমা দেওয়াদের মধ্যে পাঁচজন ও স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি আসন থেকে দুই–তিনজন প্রার্থী ছাড়াও পাবনা-১ ও ৪ আসনে বিএনপির শরিক দল জামায়াতের দুজন প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। একজন সরাসরি বিএনপির প্রার্থী হিসেবে জমা দিয়েছেন। ফলে মনোনয়নপ্রত্যাশীদের সবাই আশা–নিরাশার মধ্যে দিন কাটাচ্ছেন। তৃণমূলের নেতা-কর্মীরাও কার পক্ষ নিয়ে কী করবেন, কিছু বুঝে উঠতে পারছেন না।
এ প্রসঙ্গে জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সর্বশেষ নির্দেশনা না আশা পর্যন্ত এ রকম আশা–নিরাশা থাকবেই। ’