
চট্টগ্রামের পটিয়ায় স্কুলে শিক্ষকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আহসান উল্লাহ ওরফে টুটুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার পটিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মহিদুল ইসলামের আদালতে আসামি এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, জবানবন্দিতে আসামি আহসান উল্লাহ শিক্ষিকা মিসফা সুলতানার ওপর হামলার দায় স্বীকার করেছেন।
গত মঙ্গলবার পূর্ব ডেঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে আহসান উল্লাহ সহকারী শিক্ষক মিসফা সুলতানাকে শাবল দিয়ে মারধর করেন। এতে তাঁর দুই হাত ভেঙে যায়। এ ছাড়া বাঁ পায়েও তিনি আঘাত পান।
এ ঘটনায় মিসফার বাবা নূর মোহাম্মদ পটিয়া থানায় মামলা করেন। মামলার একমাত্র আসামি আহসান উল্লাহ।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মিসফাকে গতকাল ওয়ার্ড থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। কাল শনিবার তাঁর দুই হাতে অস্ত্রোপচার করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
প্রতিবাদ অব্যাহত
মিসফা সুলতানার ওপর হামলার প্রতিবাদে গতকালও পটিয়ায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সকালে থানার মোড় এলাকায় পটিয়া মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও প্রথম আলো বন্ধুসভা যৌথভাবে এ কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে বক্তারা বলেন, স্কুলে ঢুকে যেভাবে একজন শিক্ষককে পেটানো হলো, তাতে শিক্ষক ও শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত। এর দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের ঘটনা বৃদ্ধি পাবে। বক্তারা অবিলম্বে হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. মহিউদ্দিন, ডেপুটি কমান্ডার মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ, জামাল উদ্দিন খান, যুগল সরকার, রণজিৎ দাশ, তপন দস্তিদার, বন্ধুসভার উপদেষ্টা আবদুর রাজ্জাক, সভাপতি হামিম রায়হান, সাংগঠনিক সম্পাদক আবু তাহের।