দোষী অভিভাবকের শাস্তির দাবিতে বিক্ষোভ, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে মারধরের ঘটনায় দোষী অভিভাবকের শাস্তির দাবিতে গতকাল রোববার বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলায় কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা ও সংগঠনগুলোর জোট মানবাধিকার ফোরাম।এদিকে গতকাল সকাল থেকে ওই বিদ্যালয়ে ঢোকায় নিষেধাজ্ঞা আরোপ করেছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি। অভিভাবকেরা বিদ্যালয়ে ঢুকতে না পেরে বিদ্যালয়ের সামনেই বিক্ষোভ করে ওই শিশুছাত্রকে মারধরকারী অভিভাবকের শাস্তির দাবি জানান। পরে শতাধিক অভিভাবকের স্বাক্ষরযুক্ত একটি আবেদনপত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি বরাবর দেওয়া হয়। সভাপতি শাহাদাৎ হোসেন বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।সমাবেশ, স্মারকলিপি: দুপুরে মানবাধিকার ফোরামের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করা হয়। এ সময় বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সভাপতি সুলতানা রাজিয়া, জেলা উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি নাজমুন নাহার, পপির সাইফুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, আইন ও মানবাধিকার লঙ্ঘন করে সরকারি আদর্শ শিশু বিদ্যালয় প্রাঙ্গণে যে কলঙ্কজনক ঘটনা ঘটানো হয়েছে, তার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সমাবেশ শেষে জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানের কাছে স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।