দোষী চালকদের শাস্তির দাবিতে মানববন্ধন
সড়ক দুর্ঘটনার জন্য অভিযুক্ত চালকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে খেলাঘর চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তারা বলেন, ‘বেপরোয়া গাড়ি চালনা রোধ করা না গেলে নুসরাতের মতো শিশুরা স্বজন হারানোর পাশাপাশি মনোবৈকল্যের শিকার হবে।’ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বৃষ্টিবিঘ্নিত এই কর্মসূচিতে ঢাকায় সড়ক দুর্ঘটনায় মা হারানো নুসরাতের মতো শিশু-কিশোর ও তাঁদের অভিভাবকেরা অংশগ্রহণ করেন। চালকদের সর্বোচ্চ শাস্তির দাবি, বেপরোয়া গাড়ি চালনা বন্ধ করা, দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড ইত্যাদি স্লোগানসংবলিত ব্যানার-ফেস্টুন তাঁদের হাতে শোভা পায়। খেলাঘর মহানগর শাখার সভাপতি বিশেষজ্ঞ চিকিৎসক এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, ‘কঠোর শাস্তির আওতায় আনা যাচ্ছে না বলে চালকেরা বেপরোয়া হয়ে উঠেছে। এতে করে নুসরাতের মতো শিশুরা আজ এতিম হওয়ার পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। শিশু-কিশোরদের এসব যন্ত্রণার হাত থেকে আমাদের বাঁচাতে হবে।’
উল্লেখ্য, গত বুধবার ঢাকায় নুসরাত নামের পাঁচ বছরের এক শিশুর সামনে তাঁর মা লায়লাকে একটি বাস চাপা দিলে তিনি নিহত হন। গতকালের কর্মসূচিতে খেলাঘরের সাধারণ সম্পাদক রূপক চৌধুরী, সংগঠক সালমা জাহান, কবি আশীষ সেন, সুনীল ধর প্রমুখ বক্তব্য দেন।