দোষী চিকিত্সকদের শাস্তির দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন সাংবাদিকেরা। ছবি: শহীদুল ইসলাম
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন সাংবাদিকেরা। ছবি: শহীদুল ইসলাম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকেরা। এ কর্মসূচির সঙ্গে রাজশাহীর বিভিন্ন সামাজিক সংগঠন একাত্মতা ঘোষণা করেছে। সমাবেশ থেকে তাঁরা দোষী শিক্ষানবিশ চিকিত্সকদের শাস্তি এবং দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হওয়া এক রোগীর চিকিত্সা দিতে বিলম্ব হওয়ার কারণে ওই রোগীর একজন স্বজনের হাতে একজন শিক্ষানবিশ চিকিত্সক লাঞ্ছিত হন। এর বিচার না হওয়া পর্যন্ত চিকিত্সকেরা ওই রোগীকে চিকিত্সা না দেওয়ার ঘোষণা দেন।
রোগীর স্বজনেরা অভিযোগ করেন, এরপর তাঁরা চিকিত্সকের কাছে ক্ষমা চেয়ে রোগীটির চিকিত্সা দেওয়ার অনুরোধ জানান। এর পরও তাঁরা সম্মত হননি। এ নিয়ে কথা বলতে গেলে রোগীর ভাইকে শিক্ষানবিশ চিকিত্সকেরা বেদম প্রহার করেন। এতে তিনি গুরুতর আহত হন। শিক্ষানবিশ চিকিত্সকেরা রোগীর স্ত্রীকেও অকথ্য ভাষায় গালাগাল করেন।
এ খবর পেয়ে সাংবাদিকেরা হাসপাতালের ভেতরে ঢোকার চেষ্টা করলে ওই চিকিত্সকেরা রোগীর স্বজনদের ফেলে সাংবাদিকদের ওপরে হামলা চালান। এতে অন্তত ১০ সাংবাদিক আহত হন। পাঁচটি ক্যামেরা কেড়ে নিয়ে ভাঙচুর করা হয়।
ঘটনার পর থেকে চিকিত্সকেরা কর্মবিরতিতে রয়েছেন।
অথচ এ ঘটনার এক দিন আগে এই হাসপাতালে এসে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম চিকিত্সকদের রোগী ফেলে ধর্মঘট না করার নির্দেশ দেন।

বিক্ষোভ সমাবেশ

আজ দুপুর ১২টায় রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকা থেকে সাংবাদিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে সোনাদিঘির মোড় হয়ে আবার জিরো পয়েন্টে এসে সমাবেশে মিলিত হন। সমাবেশে বক্তারা অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারী শিক্ষানবিশ চিকিত্সকদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে তাঁরা হামলার সময় নীরব দর্শকের ভূমিকা পালন করার অভিযোগে নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ও মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা জিয়াউর রহমানের অপসারণ দাবি করেন।

দুই সাংবাদিক চিকিত্সাধীন

শিক্ষানবিশ চিকিত্সকদের হামলায় আহত সাংবাদিক তারেক মাহমুদকে গতকাল রোববার রাতেই রাজশাহী থেকে ঢাকায় অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আহত অপর সাংবাদিক আবু রায়হানকে রাজশাহীতে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তদন্ত কমিটি
এ ঘটনায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিনকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল পরিচালনা কমিটি। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সার্জারি বিভাগের প্রধান আবদুল মোমেন, মেডিসিন বিভাগের প্রধান আজিজুল হক, বিভাগীয় কমিশনারের প্রতিনিধি, পুলিশ কমিশনারের প্রতিনিধি, জেলা প্রশাসকের প্রতিনিধি ও মেডিকেল কলেজের অধ্যক্ষ আবু রায়হান খোন্দকার।
জানতে চাইলে হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, শিক্ষানবিশ চিকিত্সকেরা আজ বিকেল থেকেই কাজে যোগদান করবেন। তিনি তাঁদের ছাত্রসুলভ আচরণ পরিহার করে চিকিত্সকসুলভ আচরণ করার জন্য বলেছেন। তিনি বলেন, চার-পাঁচ দিনের মধ্যেই চিকিত্সক ও সাংবাদিকদের নিয়ে একটি বৈঠক করে সবার কাজের পরিবেশ নিশ্চিত করা হবে।