মামলা করার তিন দিন পরও ভুল চিকিৎসা দেওয়া দুই চিকিৎসককে গ্রেপ্তার না করায় উদ্বেগ প্রকাশ করেছেন এমবিএ শিক্ষার্থী আমিনুল ইসলামের অভিভাবকেরা। তাঁর মা দেলোয়ারা বেগম দোষী চিকিৎসকদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানিয়েছেন।গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দেলোয়ারা বেগম এই দাবি জানান। তিনি আরও জানান, গত মে মাসে পাইলসের অস্ত্রোপচারের সময় আমিনুলের শরীরে নিডেল রেখে দেন চিকিৎসক সুরমান আলী। দুই দিন পর ওই নিডেল বের করতে গিয়ে পুনরায় অস্ত্রোপচার করে তাঁর নিতম্বের মাংস ফেলে দেন সুরমান ও জি এম জাকির হোসেন। এ সময় তাঁর মলদ্বারও ছিদ্র হয়ে যায়। দেলোয়ারা বেগম বলেন, ‘এরপর ভারতে গিয়ে অস্ত্রোপচার করে ওই নিডেল বের করা হয়। কিন্তু আমার ছেলেটা জীবনের জন্য পঙ্গু হয়ে গেল। ভারতের চিকিৎসকেরা পূর্ণ সুস্থ হবে বলে আশা দিতে পারছেন না।’ গত ২৮ জানুয়ারি আদালতে মামলা দায়েরের কথা উল্লেখ করে দেলোয়ারা আরও বলেন, ‘দীর্ঘদিন ছেলেকে নিয়ে ভারত-বাংলাদেশ টানাটানি করতে গিয়ে দুই চিকিৎসকের বিরুদ্ধে দেরিতে মামলা করি। কিন্তু আদালতের নির্দেশ সত্ত্বেও পুলিশ এখনো ওই চিকিৎসকদের গ্রেপ্তার করেনি।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাদীপক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত। তিনি বলেন, ‘লোভ, অবহেলা ও দায়িত্বহীনতার কারণে কিছু চিকিৎসকের কাছে মানুষ গিয়ে এভাবে শারীরিক, আর্থিক ও মানসিক কষ্টে ভুগছেন।’