হত্যার ঘটনায় তাঁর জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর পরও এক মাসের বেশি সময় ধরে তিনি হাজতে রয়েছেন। তাঁর হাজতবাসে অসুস্থ হয়ে পড়েছেন মা। সংসারের আয় বন্ধ হওয়ায় না খেয়ে থাকতে হচ্ছে স্ত্রী-সন্তানকে। এই দুর্ভোগ পোহানো ব্যক্তিটি ভ্যানচালক ফারুক। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় তাঁর বাড়ি। রমনা থানার নয়াটোলা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ্ মো. মিজানুর রহমান হত্যা মামলায় জড়িত সন্দেহে গত ৪ মে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। দুই দিনের রিমান্ড শেষে ৭ মে ফারুককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জামাই রাজু ও সুজন নামে যে দুজনকে গ্রেপ্তার করা হয়, এর মধ্যে তাঁরা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এতে ফারুকের নাম বা জড়িত থাকার বিষয় আসেনি। ২ মে টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালত ফারুকের জামিনের আবেদন নাকচ করেন। পরে মামলাটি জেলা জজ আদালতে স্থানান্তরের জন্য আবেদন জানানো হয়। ৪ জুলাই এর শুনানি হবে। সংসারের একমাত্র উপার্জনশীল ফারুক হাজতে থাকায় তাঁর বৃদ্ধ মা কমলা বেওয়া অসুস্থ হয়ে মৃত্যুশয্যায়। অন্যদিকে শাশুড়ি, দুই সন্তান নিয়ে তাঁর স্ত্রী নুরজাহান অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। ফারুকের প্রতিবেশী চাঁন মিয়ার স্ত্রী সখিনা বেগম (৫০) বলেন, তাঁরা এতদিন অসহায় পরিবারটিকে খাবারের জোগান দিয়ে এসেছেন। এখন তাঁরাও অকুলান হয়ে পড়েছেন। ফারুকের জামিনের জন্য আইনজীবী নিয়োগের টাকা জোগাড় করা তাঁদের পক্ষে সম্ভব নয়। সখিনা বেগম জানান, তিনি নিজের টাকা দিয়ে একজন উকিলের মাধ্যমে জামিনের আবেদন করেছিলেন। জামিন না হওয়ায় দেওহাটা বাজারের দোকান মালিকদের কাছ থেকে চাঁদা তুলে এক হাজার ২০০ টাকা জোগাড় করেছেন। ওই টাকা তিনি উকিলকে দিয়ে মামলা স্থানান্তরের আবেদন করেন।